আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরই মেসির জোড়া গোল, মায়ামির ৪-০ ব্যবধানে জয়

Pinky Saha Pinky Saha ১১ অক্টোবর ২০২৬, ১:০০ PM BST ২০৪ বার পঠিত
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরই মেসির জোড়া গোল, মায়ামির ৪-০ ব্যবধানে জয়

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি মাঠে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি। মেসির সঙ্গে জোড়া গোল করেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজও। এই দুই তারকার নৈপুণ্যে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ৩৯ মিনিটে মেসির একটি শট প্রতিহত হলেও ফিরতি বলে নিজের দ্বিতীয় চেষ্টায় গোল করেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ফলে প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান গড়ে নেয় মায়ামি।

দ্বিতীয়ার্ধে গোলের খাতায় নাম লেখান মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের নিখুঁত পাস থেকে কাছাকাছি দূরত্বে আলতো স্পর্শে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ৬০ মিনিটে রদ্রিগো ডি পলের পাস পেয়ে ড্রিবলিংয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই মায়ামির ৪-০ গোলের জয় নিশ্চিত হয়।

এই জোড়া গোলের সুবাদে চলতি মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ, যা লিগে সর্বোচ্চ। গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছিলেন তিনি। লিগের ইতিহাসে টানা দুইবার এই পুরস্কার জেতা প্রথম ফুটবলারও মেসি।

আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার মাত্র চার দিন পর ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। পুরো ৯০ মিনিট মাঠে থেকে জোড়া গোল করে বুঝিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাবের হয়ে তাঁর পারফরম্যান্সে ভাটা পড়েনি।

এই জয়ের মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার খরা কাটিয়েছে ইন্টার মায়ামি। আগের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ড্র ও একটিতে হেরেছিল দলটি। গত ২৯ আগস্ট সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে হারানোর পর এটিই ছিল তাদের প্রথম জয়। একই সঙ্গে গত ১৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়া নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেসও এমএলএসে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন।

ডিসি ইউনাইটেডকে হারিয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: