আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ ৬ ফুটবলার

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ PM BST ১৮ বার পঠিত
আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে ছাঁটাই, বাদ ৬ ফুটবলার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি

আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে ছাঁটাই শুরু করেছেন কোচ টমাস ডুলি। প্রাথমিক দল থেকে ছয় ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। আজকের অনুশীলনের পর আরও একজনকে বাদ দেওয়ার কথা রয়েছে বলে জাতীয় দলের একটি সূত্র জানিয়েছে।

বাদ পড়া ছয় ফুটবলার হলেন—ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

গত ২৫ আগস্ট আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ আগস্ট মাঠে অনুশীলন শুরু হয়। পরে ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইতালির দেবজিৎ সরকার ও কানাডার ইয়াসার তাহমিদকে দলে ডাকা হয়েছিল।

প্রাথমিক দলে থাকা ইসা ফয়সাল সর্বশেষ সান মারিনোর বিপক্ষে ম্যাচে একাদশে খেলেছিলেন। কাজেম শাহ ও তাজ উদ্দিনও সান মারিনো সফরের দলে ছিলেন। অন্যদিকে প্রবাসী ফুটবলার ইয়াসার তাহমিদ ও দেবজিৎ সরকার ছিলেন কোচ ডুলির প্রাথমিক পরিকল্পনায়। রাব্বি হোসেন সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

আসিয়ান কাপে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় এবং শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা।

আসিয়ান কাপের আগে চূড়ান্ত দল গঠনের জন্য হাতে রয়েছে প্রায় এক সপ্তাহ। ফলে ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে কোচ টমাস ডুলির ছাঁটাই প্রক্রিয়া আগামী কয়েক দিনও চলবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: