ছবি: সংগৃহীত
এক বিশ্বকাপ শেষ হতে না হতেই আরেক বিশ্বকাপের ট্রফি উঠছে স্পেনের হাতে। বয়সভিত্তিক থেকে সিনিয়র—ফিফার বড় টুর্নামেন্টগুলোতে একের পর এক সাফল্য পাচ্ছে দেশটির নারী ও পুরুষ ফুটবল দল।
সর্বশেষ রোববার রাতে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট মিলিয়ে ১২০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
সেখানে স্পেনের গোলকিপার লাইয়া লোপেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নৈপুণ্যে জয় নিশ্চিত করে স্পেন, ঘরে তোলে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা।
এর আগে ২০২২ সালে প্রথমবার এই শিরোপা জিতেছিল স্পেন। একই বছর অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও জিতেছিল তারা। পরের বছরই আসে আরও বড় সাফল্য—সিনিয়র নারী বিশ্বকাপ জয়। ফলে দুই বছরের মধ্যে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও সিনিয়র—মেয়েদের ফুটবলের তিন স্তরেই বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা ধরে রাখার সুযোগ ছিল স্পেনের সামনে। তবে ফাইনালে উত্তর কোরিয়ার কাছে টাইব্রেকারে হেরে সেই বিরল কীর্তি গড়া হয়নি। দুই বছর পর সেই উত্তর কোরিয়াকেই টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিল স্পেন।
সব মিলিয়ে তিন মাসের মধ্যে দুটি ফিফা ট্রফি জিতেছে স্পেন। জুলাইয়ে নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে সিনিয়র পুরুষ বিশ্বকাপ জয়ের পর এবার পোল্যান্ডে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও উঠল স্পেনের হাতে।