ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে আরও এক ধাপ নিচে নামল বাংলাদেশ। ২০১০ ও ২০১৪ আসরে ফাইনালে উঠে রুপা জিতেছিল দলটি। ২০২২ সালে হাংজু এশিয়ান গেমসে ফাইনালে উঠতে না পারলেও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার অবশ্য কোনো পদকই জিততে পারল না নিগার সুলতানার দল।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে আজ ব্রোঞ্জপদকের ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। ফলে চতুর্থ হয়ে এশিয়ান গেমস ক্রিকেট শেষ করেছে নিগার-শারমিনরা। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ অধিনায়ক হিসেবে এটিই ছিল নিগার সুলতানার শেষ ম্যাচ। টুর্নামেন্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি।
টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে পুরো ২০ ওভার খেলেও ৭ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারেই ২০ রানে তিন উইকেট হারায় দল। দিলারা আক্তার ১২, জুয়াইরিয়া ফেরদৌস ৪ ও সোবহানা মোশতারি ২ রান করে আউট হন।
চতুর্থ উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানার ৫৬ বলে ৪৭ রানের জুটি কিছুটা আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৩০ বলে ২৫ রান করে আউট হন নিগার। শারমিন ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে অফস্পিনার উম্মে হানি ১০ রানে ৩ উইকেট নেন।
এর আগে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। গুল ফিরোজা করেন ৩১ রান। ৬৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ফাতিমা ও আলিয়া রিয়াজের ৪৩ বলে ৬৭ রানের জুটি পাকিস্তানকে লড়াকু সংগ্রহ এনে দেয়।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৪৫/৮। ফাতিমা সানা ৪৫, গুল ফিরোজা ৩১। স্বর্ণা ২/১৬, নাহিদা ২/২১, রিতু মনি ২/২৭।
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৭। শারমিন আক্তার ৪৬*, নিগার সুলতানা ২৫। উম্মে হানি ৩/১০।
ফল: পাকিস্তান ৩১ রানে জয়ী।