বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ AM BST ২৬ বার পঠিত
বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

Photo Collected

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের জয়ে জোড়া গোল করে এই মাইলফলক স্পর্শ করেন ইংলিশ স্ট্রাইকার।

গতকাল রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কেইন। এই গোলের সঙ্গে বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১০০-তে। ফলে প্রায় পাঁচ দশক ধরে টিকে থাকা দিয়েতার মুলারের রেকর্ড ভেঙে দেন তিনি।

১৯৭৭ সালের সেপ্টেম্বরে ১২৯ ম্যাচে বুন্দেসলিগায় ১০০ গোল করেছিলেন তৎকালীন কোলন স্ট্রাইকার দিয়েতার মুলার। কেইন সেখানে নিজের ৯৮তম ম্যাচেই শততম গোলের দেখা পেলেন। অর্থাৎ মুলারের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন বায়ার্নের ইংলিশ ফরোয়ার্ড।

দ্রুততম ১০০ গোলের তালিকায় এরপর আছেন বায়ার্নের কিংবদন্তি গার্ড মুলার। তাঁর লেগেছিল ১৩৬ ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ফরোয়ার্ড লোথার এমেরিখ ১৪০ ম্যাচে এবং হামবুর্গের উয়ে সিলার ১৫৭ ম্যাচে ১০০ গোল করেছিলেন।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচটি অবশ্য শুধু কেইনের রেকর্ডের জন্য নয়, মাইকেল ওলিসের হ্যাটট্রিকের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। বায়ার্নের বড় জয়ে ওলিস তিনটি গোল করেন। এ ছাড়া জামাল মুসিয়ালা ও ইসমায়েল সাইবারিও গোলের তালিকায় নাম লেখান। কেইন দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৫৪ মিনিটে, মাইকেল ওলিসের ক্রস থেকে।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, বুন্দেসলিগায় ১০০ গোল করা অষ্টম বিদেশি খেলোয়াড় কেইন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে এই লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড অবশ্য রবার্ট লেভানডফস্কির। বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ৩৮৪ ম্যাচে ৩১২ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার।

বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন কেইন। টটেনহাম ছেড়ে ২০২৩ সালে জার্মান ক্লাবটিতে যোগ দেন তিনি। বুন্দেসলিগায় আগের তিন মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে তাঁর গোল ছয়টি।

বায়ার্নের হয়ে এরই মধ্যে আরও একটি দ্রুততম ১০০ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন কেইন। গত বছর ভেরডার ব্রেমেনের বিপক্ষে ক্লাবটির হয়ে ১০০তম গোল করেন তিনি। বায়ার্নের হয়ে মাত্র ১০৪ ম্যাচে এই মাইলফলক ছুঁয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একবিংশ শতাব্দীতে কোনো ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছিলেন। সেই তালিকায় তিনি পেছনে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ডকে, যাঁদের দুজনেরই লেগেছিল ১০৫ ম্যাচ।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে জোড়া গোলের পর বায়ার্নের হয়ে কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫২। ১৫৪ ম্যাচে তাঁর অ্যাসিস্ট ৩৪টি। অর্থাৎ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৮৬ গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

ম্যাচ শেষে স্কাই জার্মানিকে কেইন বলেন, বুন্দেসলিগায় ১০১ গোল করে তিনি গর্বিত। বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে সতীর্থদের সঙ্গে খেলা এবং গোলের সুযোগ তৈরি হওয়া উপভোগ করছেন বলেও জানান তিনি।

চলতি মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে কেইনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যৎ প্রসঙ্গে কেইন বলেন, বায়ার্নে তিনি ভীষণ সুখে আছেন এবং সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। নতুন চুক্তি হলে বুন্দেসলিগায় গোলসংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে ইংলিশ এই স্ট্রাইকারের সামনে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: