ছবি: সংগৃহীত
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ২৫ শতাংশ শেয়ার সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দাবি করেছিলেন—এমন গুঞ্জন সম্প্রতি ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দেয়। এমনকি ধোনি পরে দাবি কমিয়ে ২০ শতাংশে আনলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাকে ৫ দশমিক ৫ শতাংশ শেয়ার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও খবর ছড়ায়। তবে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে সিএসকে কর্তৃপক্ষ।
সিএসকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে জানিয়েছেন, ধোনি কখনোই ফ্র্যাঞ্চাইজির কাছে এমন কোনো দাবি জানাননি। তাঁর ভাষ্য, এ বিষয়ে ধোনির সঙ্গে দলের কোনো আলোচনাও হয়নি। এমনকি ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসনের সঙ্গেও ধোনির এ ধরনের কথাবার্তা হয়েছে বলে তাদের জানা নেই।
তবে সিএসকে-তে ধোনির শেয়ার থাকার বিষয়টি সত্য। অনথিভুক্ত কোম্পানি হওয়ায় সরাসরি শেয়ারবাজারের মাধ্যমে নয়, অফ-মার্কেট লেনদেনের মাধ্যমেও এই ফ্র্যাঞ্চাইজির শেয়ার কেনাবেচা করা যায়। সেই প্রক্রিয়ায় ধোনির কাছে এক লাখের বেশি সিএসকে শেয়ার রয়েছে বলে জানা গেছে। যদিও ৩০ কোটির বেশি শেয়ারের বিশাল মূলধনের তুলনায় এই অংশ খুবই সামান্য।
বর্তমানে সিএসকের নিয়ন্ত্রণ সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের পরিবারের হাতে। তাদের মালিকানা ৫৫ শতাংশের বেশি। বর্তমান বাজারমূল্য অনুযায়ী ধোনির হাতে থাকা শেয়ারের আনুমানিক মূল্য ২ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও ধোনির ২৫ শতাংশ শেয়ার চাওয়ার দাবিকে ‘অবাস্তব’ এবং ‘পরিকল্পিতভাবে ছড়ানো গল্প’ বলে মন্তব্য করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে একটি বিশাল ব্র্যান্ড এবং আন্তর্জাতিক পর্যায়েও তাদের একাধিক ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজির মূল্য যদি ১ দশমিক ৮ বিলিয়ন ডলার হয়, তাহলে তার ২৫ শতাংশের মূল্য প্রায় ৪৫০ মিলিয়ন ডলার দাঁড়ায়। ফলে কাউকে বিনামূল্যে এত বড় অঙ্কের শেয়ার দেওয়ার দাবি বাস্তবসম্মত নয় বলে মনে করেন তিনি।