এমবাপ্পেকে চ্যালেঞ্জ, ব্যালন ডি’অর নিজের প্রাপ্য মনে করেন ইয়ামাল

Pinky Saha Pinky Saha ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:২২ PM BST ২৬ বার পঠিত
এমবাপ্পেকে চ্যালেঞ্জ, ব্যালন ডি’অর নিজের প্রাপ্য মনে করেন ইয়ামাল

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। গত মৌসুমে নিজের পারফরম্যান্স ও দলীয় সাফল্যের বিচারে এবারের পুরস্কারটি তাঁরই প্রাপ্য বলে মনে করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, তার মতে বর্তমানে বিশ্বের সেরা দুই খেলোয়াড় হলেন তিনি ও এমবাপ্পে। তবে গত মৌসুমে যে শিরোপাগুলো জিতেছেন, সেই বিবেচনায় ব্যালন ডি’অর নিজের হাতে ওঠা উচিত বলে বিশ্বাস করেন তিনি।

ইয়ামালের ভাষায়, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যিই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুজনই আছি। তবে এ বছর আমি যে শিরোপাগুলো জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।’

গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছেন ইয়ামাল। ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন তিনি। তার পারফরম্যান্সে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে কাতালান ক্লাবটি।

জাতীয় দলের হয়েও ইয়ামালের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। স্পেনের হয়ে ১২ ম্যাচে করেছেন এক গোল ও তিনটি অ্যাসিস্ট। পাশাপাশি বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবেও মৌসুমটি শেষ করেন এই তরুণ তারকা।

তবে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনের হিসাবেও ইয়ামালকে ছাড়িয়ে যাওয়ার মতো পরিসংখ্যান রয়েছে আরও কয়েকজনের। এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেও ব্যালন ডি’অর জয়ের অন্যতম আলোচিত দাবিদার। ফলে পুরস্কারটির লড়াইয়ে ইয়ামাল, এমবাপ্পে ও কেইনের মতো তারকাদের পারফরম্যান্স নিয়ে ফুটবলবিশ্বে চলছে আলোচনা।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্যারিসের বাইরে আয়োজনটি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়ে আসছিল ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান।

কে জিতবেন এবারের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার—সেটির উত্তর মিলবে অক্টোবরের অনুষ্ঠানে। তবে তার আগেই ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য ব্যালন ডি’অর নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: