ছবি: সংগৃহীত
হ্যারি কেইনের মনে নতুন এক ভাবনার জন্ম হয়েছে, যা শুনলে অনেকেরই অবাক লাগতে পারে। পেশাদার ফুটবলের অন্যতম পরিচিত এই ইংলিশ স্ট্রাইকার ভবিষ্যতে খেলতে চান আমেরিকান ফুটবল—তাও আবার এনএফএলে ‘কিকার’ হিসেবে।
বায়ার্ন মিউনিখের এই তারকা বর্তমানে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে নেশনস লিগের প্রস্তুতিতে ব্যস্ত। অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের এই ইচ্ছার কথা জানান ৩৩ বছর বয়সী কেইন।
প্রথাগত ফুটবলের পাশাপাশি কেইনের পছন্দের আরেক খেলা গলফ। তবে ফুটবল ক্যারিয়ারের শেষ দিকে গলফে মনোযোগ দেওয়ার চেয়ে এনএফএলে খেলার সম্ভাবনাকেই বেশি বাস্তবসম্মত মনে করছেন তিনি।
কেইন বলেন, আগামী পাঁচ বা ছয় বছরে তাঁর ক্যারিয়ার কোন দিকে যায়, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। তবে গলফের তুলনায় এনএফএলে যাওয়ার বিষয়টি তাঁর কাছে বেশি বাস্তবসম্মত।
পেনাল্টির অভিজ্ঞতাই হতে পারে বড় সুবিধা
ফুটবল থেকে আমেরিকান ফুটবলে পাড়ি দেওয়ার ক্ষেত্রে নিজের দীর্ঘদিনের পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান কেইন। তাঁর মতে, দুটি খেলার কৌশল ও চাপ সামলানোর ক্ষেত্রে কিছুটা মিল রয়েছে।
কেইনের ভাষায়, তিনি নিয়মিত পেনাল্টি নেন এবং দুটি খেলায় টেকনিক ও চাপ সামলানোর বিষয়টি কাছাকাছি। তাই অনুশীলনের দিক থেকেও অন্য যেকোনো খেলার তুলনায় এনএফএলের কিকার হওয়াকে নিজের জন্য তুলনামূলক সহজ মনে করছেন তিনি।
তবে চাইলেই যে পেশাদার ফুটবল ছেড়ে সরাসরি এনএফএলে খেলা সম্ভব নয়, সেটিও ভালোভাবেই জানেন কেইন। তাই সত্যিই এমন সিদ্ধান্ত নিলে দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
তিনি বলেন, পেশাদার কোনো খেলাকে টেলিভিশনে যতটা সহজ মনে হয়, বাস্তবে সেটি ততটা সহজ নাও হতে পারে। তাই এনএফএলে খেলার সিদ্ধান্ত নিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অনুশীলন করার কথা ভাবছেন তিনি।
এমএলএস হতে পারে দুই খেলার সেতু
ভবিষ্যতে ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিলে একই সঙ্গে দুই ধরনের ফুটবলের সঙ্গে যুক্ত থাকার সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কেইন।
তাঁর মতে, ভবিষ্যতে এমএলএস বা একই ধরনের কোনো লিগে খেললে দুটি খেলার মৌসুমের সঙ্গে সমন্বয় করে আমেরিকান ফুটবলেও যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ফুটবল থেকে আমেরিকান ফুটবলে যাওয়ার উদাহরণ অবশ্য এর আগেও দেখা গেছে। ডালাস কাউবয়েজের কিকার ব্র্যান্ডন অব্রি ২০১৭ সালে এমএলএস ড্রাফটের প্রথম রাউন্ডে টরন্টো এফসিতে যোগ দিয়েছিলেন, যদিও মূল দলের হয়ে কোনো অফিশিয়াল ম্যাচ খেলেননি। ডেট্রয়েট লায়ন্সের কিকার জেক বেটসও এর আগে কলেজ ফুটবলে খেলেছেন।
আপাতত বায়ার্নেই মনোযোগ
তবে ভবিষ্যতে এনএফএলে যাওয়ার ভাবনা থাকলেও কেইনের নিকট ভবিষ্যৎ পরিকল্পনায় এখনো ফুটবলই প্রধান। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা এগিয়ে চলছে।
কেইন জানিয়েছেন, আলোচনাগুলো ইতিবাচকভাবেই এগোচ্ছে। ছোটখাটো কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই মনে করছেন তিনি।
এদিকে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। এমন পারফরম্যান্সের পর এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবেও আলোচনায় রয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার।