Photo Collected
ইতালির ফুটবল কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন ইন্টার মিলানের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়ে ক্লাবটি বলেছে, তিনি শুধু ইন্টার মিলানের ইতিহাসেই নন, বিশ্ব ফুটবলের ইতিহাসেও অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। শৈশবে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর দীর্ঘ ক্যারিয়ারে তিনি আর কোনো ক্লাবে খেলেননি।
১৮ বছর বয়সে জুভেন্টাসের বিপক্ষে ইন্টার মিলানের হয়ে অভিষেক হয় মাজ্জোলার। সেই ম্যাচটি দর্শকদের অনাকাঙ্ক্ষিত মাঠে প্রবেশের কারণে বিতর্কিত হওয়ায় পরে পুনরায় আয়োজন করা হয়। পুনরায় অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টিতে ৯-১ গোলে হারে ইন্টার, তবে দলের একমাত্র গোলটি করেছিলেন মাজ্জোলা।
ইন্টার মিলানে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে মাজ্জোলা খেলেছেন ৫৬৬ ম্যাচ। ক্লাবটির হয়ে তাঁর গোলসংখ্যা ১৬২। নেরাজ্জুরিদের হয়ে চারটি সেরি আ শিরোপা ও দুটি ইউরোপিয়ান কাপ জেতেন তিনি।
১৯৬৪ সালের ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইন্টার মিলানের ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাজ্জোলা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। পরের বছরও ইন্টারকে ইউরোপিয়ান কাপ জেতাতে অবদান রাখেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।
জাতীয় দলেও ছিল তাঁর সফল অধ্যায়। ইতালির হয়ে ১৯৬৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন মাজ্জোলা। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। ইতালির জার্সিতে ৭০ ম্যাচে তাঁর গোল ২২টি, সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।
১৯৭৭ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পরও খেলাটির সঙ্গে যুক্ত ছিলেন মাজ্জোলা। পরবর্তী সময়ে ইন্টার মিলান ও তুরিনোর স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ফুটবল পরিবারের সন্তান ছিলেন মাজ্জোলা। তাঁর বাবা ভ্যালেন্টিনো মাজ্জোলাও ছিলেন তুরিনোর কিংবদন্তি ও অধিনায়ক। ১৯৪৯ সালের সুপেরগা বিমান দুর্ঘটনায় তুরিনোর পুরো দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে প্রাণ হারান ভ্যালেন্টিনো। তখন সান্দ্রো মাজ্জোলার বয়স ছিল মাত্র ছয় বছর।
ইন্টার মিলান তাদের শ্রদ্ধাবার্তায় মাজ্জোলার সেই শুরুর দিনের প্রসঙ্গ তুলে তাঁর লড়াকু মানসিকতার কথা স্মরণ করেছে। একই সঙ্গে ক্লাবটি জানিয়েছে, মাজ্জোলা জীবনের শেষ পর্যন্ত একজন ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চেয়েছিলেন।