ছবি: সংগৃহীত
জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত রণবীর কাপুর। ৪৪ বছরে পা রাখা এই বলিউড অভিনেতাকে শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে ভিড় করেন আলোকচিত্রী ও ভক্তরা। তাঁদের শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি তিনটি কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন রণবীর।
তবে দিনের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে স্ত্রী আলিয়া ভাটের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে। রণবীরের জন্মদিনে তাঁদের ব্যক্তিগত জীবনের বেশ কয়েকটি মুহূর্তের ছবি প্রকাশ করেন আলিয়া। ছবিগুলোতে রণবীরের সঙ্গে আলিয়াকে যেমন দেখা গেছে, তেমনি রয়েছে তাঁদের মেয়ে রাহার উপস্থিতিও।
একটি ছবিতে আলিয়ার কোলে বসে রণবীরের চোখে চোখ রাখতে দেখা যায়। অন্য একটি ছবিতে রাহাকে কোলে নিয়ে আছেন অভিনেতা। আরেকটি সেলফিতে রণবীরের গালে আলিয়ার লিপস্টিকের দাগও নজর কেড়েছে। ছবিগুলোর সঙ্গে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি।’
পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন রণবীর-আলিয়া। তাই তাঁদের এমন ঘরোয়া মুহূর্তের ছবি প্রকাশ্যে আসায় দ্রুতই তা ভক্তদের নজর কাড়ে।
এদিকে ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন রণবীর। সামনে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ওয়ান’, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর দ্বিতীয় কিস্তিসহ একাধিক আলোচিত সিনেমায় দেখা যাবে তাঁকে।