ছবি: সংগৃহীত
ফিফা উইন্ডোর ম্যাচ সামনে রেখে একে একে আর্জেন্টিনায় পৌঁছাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। তবে এবারের ক্যাম্পে অন্যরকম আবেগ কাজ করছে। বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি।
দলে যোগ দেওয়ার পর থেকেই সতীর্থদের কথায় উঠে আসছে মেসির বিদায়ের প্রসঙ্গ। সবার আগে আর্জেন্টিনায় পৌঁছানো ভালেন্তিন বার্কো ইএসপিএনকে বলেন, মেসিকে ভালোভাবে বিদায় দিতে তারা উন্মুখ। তার মতে, মেসি জাতীয় দল থেকে যে শূন্যতা রেখে যাবেন, তা পূরণ করা কঠিন।
নিকোলাস তালিয়াফিকো বলেন, মেসির সঙ্গে প্রায় ২০ বছর কাটানোর পর তার বিদায় মেনে নেওয়া কঠিন হবে। তবে সামনে যা আছে, তার জন্য দলকে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি। নিজের বিদায়ের সময়ও ঘনিয়ে আসছে জানিয়ে তালিয়াফিকো বলেন, এখন যতটা সম্ভব সময় উপভোগ করছেন।
মেসির বিদায়ের খবরে আবেগাপ্লুত ফাকুন্দো মেদিনাও। তিনি বলেন, মেসি তাদের অনেক আনন্দ দিয়েছেন এবং সবকিছু উজাড় করে দিয়েছেন। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেরা উপায়ে বিদায় জানানোর কথাও বলেন তিনি। মেসির অবসরের খবর কীভাবে পেয়েছিলেন জানতে চাইলে মেদিনা বলেন, ‘তোমাদের সবার মতোই, এটা আমার কাছে বোমার মতো আঘাত করেছিল।’
এস্কিয়েল পালাসিওসও মেসির গুরুত্ব তুলে ধরে বলেন, তিনি দলের জন্য বড় একটি শূন্যতা রেখে যাবেন। একই সঙ্গে এই সপ্তাহে মেসিকে বিদায় জানানোর মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান তিনি।
হোসে মানুয়েল লোপেজের কণ্ঠেও ছিল আবেগ। তার মতে, মেসির বিদায় আর্জেন্টিনা ও ফুটবলের জন্য একটি অনন্য মুহূর্ত হয়ে থাকবে। তিনি বলেন, একইসঙ্গে এই মুহূর্তে তার দুঃখ ও আনন্দ—দুই অনুভূতিই কাজ করছে।