Photo Collected
বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামছে আর্জেন্টিনা। কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা ও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
বলিভিয়ার পর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ম্যাচের আগে স্কালোনি জানান, এই প্রীতি ম্যাচগুলো মূলত দলকে পরীক্ষা করে দেখার সুযোগ। মেসি না থাকলেও আর্জেন্টিনার খেলার মূল দর্শন বল দখলে রেখে ফুটবল খেলা—এটি অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একাদশে একসঙ্গে খেলাতে খুব বেশি দেখা যায়নি।
বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ অবশ্য নিশ্চিত করেননি আর্জেন্টাইন কোচ। তবে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের বেশির ভাগ ফুটবলারই এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত অন্য কাউকে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্কালোনি। মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি ফাঁকা রাখার প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। তবে পরবর্তী সময়ে ঐতিহ্যবাহী এই জার্সি অন্য একজনকে পরতে হবে বলেও উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সিই ছিল তাঁর পরিচিতি।
মেসিকে ঘিরে বিদায়ের প্রস্তুতির পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। ডিসেম্বরে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন স্কালোনি। ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয় এবং দলের খেলাধুলার দিক পর্যালোচনা করেই নতুন চুক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছেন বলে জানান তিনি।
মেসির পরও আর্জেন্টিনা উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারবে বলে মনে করেন স্কালোনি। জাতীয় দলে নতুন প্রতিভার আগমন এবং খেলোয়াড়দের আগ্রহ দলটির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সংকেত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।