collected
লিওনেল মেসির দুর্দান্ত গোলেও জয় পেল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে ঘরের মাঠ নু স্টেডিয়ামে পয়েন্ট তালিকার শীর্ষ দল ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। দলের দুটি গোলেই অবদান রেখেছেন মেসি—একটি নিজে করেছেন, অন্যটি এসেছে তাঁর নেওয়া কর্নার থেকে।
ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজের গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ১৯ মিনিটে মেসির বাঁকানো কর্নার কিকে ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার হোয়াইটিংয়ের মাথায় লেগে বল দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ালে সমতায় ফেরে মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন মেসি। তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে ম্যাচের যোগ করা সময়ে আবারও গোল করেন সারিজ। ৯১ মিনিটের সেই গোলে ন্যাশভিল সমতায় ফেরায় এবং শেষ পর্যন্ত ২-২ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
মেসি চাইলে ম্যাচে আরও গোল পেতে পারতেন। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। ম্যাচের শেষদিকে তাঁর আরেকটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন। এরপরই সমতাসূচক গোলটি করে ন্যাশভিল।
ন্যাশভিলের বিপক্ষে মেসির এটি ১৭তম গোল। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এই গোলগুলো করেছেন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যের পরও ন্যাশভিলের বিপক্ষে এবারের মৌসুমে জয়হীনই থাকল মায়ামি। চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি তারা।
এমএলএসের চলতি মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোর সমস্যায় ভুগছে মায়ামি। এখন পর্যন্ত ঘরের মাঠে ১১ পয়েন্ট হারিয়েছে তারা। ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৯, হাতে রয়েছে আরও ৯টি ম্যাচ। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।