collected
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় প্রথমে ফুটপাতের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের সদস্যদের সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া একটি ভেকু ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকায় লাঠি হাতে হকারদের অবস্থান করতে দেখা গেছে এবং পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষে হতাহত বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় মিরপুর-১০ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।