নেইমার নেই, ব্রাজিলের পেনাল্টির দায়িত্ব কি রাফিনিয়ার কাঁধে?

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ PM BST ২৩ বার পঠিত
নেইমার নেই, ব্রাজিলের পেনাল্টির দায়িত্ব কি রাফিনিয়ার কাঁধে?

Photo Collected

বিশ্বকাপের সেই পেনাল্টি মিসের স্মৃতি এখনো ব্রাজিল সমর্থকদের মনে তাজা। ৫ জুলাই ২০২৬, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ১৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারাইসের নেওয়া শট লক্ষ্যে পৌঁছায়নি। শেষ পর্যন্ত আর্লিং হলান্ডদের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

বিশ্বকাপের পর এবার প্রথম আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে তাই আবারও আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার বিষয়টি। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিকদের মতো আক্রমণভাগের তারকার পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ মারকিনিওসও। তবে পেনাল্টি থেকে গোল নিশ্চিত করতে তারকা পরিচয়ের চেয়ে শট নেওয়ার দক্ষতা ও চাপ সামলানোর ক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপে পেনাল্টি মিস করা গিমারাইস অবশ্য এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেননি। ব্রিসবেনে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি আরও এক হাজারবার এই একই শটই নেব।’ তাঁর মতে, পেনাল্টি মিস ফুটবলেরই অংশ এবং এমন ভুল সব সময় পরিকল্পনা করে হয় না।

তবে নেইমার জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর ব্রাজিলের পেনাল্টি নেওয়ার দায়িত্বে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আর সেই আলোচনায় সামনে আসছে রাফিনিয়ার নাম।

পরিসংখ্যানও রাফিনিয়ার পক্ষে কথা বলছে। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর পর্তুগিজ ক্লাব ভিতোরিয়া গিমারাইশের হয়ে একটি পেনাল্টি মিস করার পর আর কোনো স্পটকিকে ব্যর্থ হননি তিনি। এরপর নেওয়া ২২টি পেনাল্টির সব কটিতেই গোল করেছেন।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪টি পেনাল্টি নিয়েছেন রাফিনিয়া। এর মধ্যে ২৩টিতে গোল করেছেন তিনি। বার্সেলোনার হয়ে নেওয়া ১৩টি, ব্রাজিলের হয়ে ৩টি, লিডস ইউনাইটেডের হয়ে ৪টি এবং রেনের হয়ে নেওয়া একটি পেনাল্টিতে তাঁর গোলের রেকর্ড শতভাগ। শুধু ভিতোরিয়া গিমারাইশের হয়ে তিনটি পেনাল্টির মধ্যে একটিতে ব্যর্থ হয়েছেন।

কাতালান সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র বিশ্লেষণেও রাফিনিয়ার পেনাল্টি নেওয়ার বৈচিত্র্যের বিষয়টি উঠে এসেছে। তাঁর সর্বশেষ ১৬টি পেনাল্টির মধ্যে ৯টি গোলকিপারের ডান দিকে, ৬টি বাঁ দিকে চিপ করে এবং একটি মাঝ বরাবর পাঠিয়েছেন তিনি। ফলে গোলরক্ষকের পক্ষে আগে থেকেই তাঁর শটের দিক অনুমান করা কঠিন।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে পেনাল্টির সময় অবশ্য রাফিনিয়া মাঠে ছিলেন না। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি ওই ম্যাচে মূল একাদশে ছিলেন না। এবার পরিস্থিতি ভিন্ন। পুরোপুরি ফিট রাফিনিয়া চলতি মৌসুমে বার্সেলোনার হয়েও দারুণ ছন্দে রয়েছেন।

সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই সময়ে আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল।

পেনাল্টি নেওয়ার দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবেন কোচ কার্লো আনচেলত্তি, সেটি মাঠেই নিশ্চিত হবে। তবে রাফিনিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ও পেনাল্টির পরিসংখ্যান তাঁকে এই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রেখেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: