ছবি: সংগৃহীত
পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যেমন অভিনেতাদের জন্য চ্যালেঞ্জিং, তেমনি শুটিংয়ের পর সেই দৃশ্যের অপব্যবহার কিংবা অনলাইনে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তাঁদের জন্য বড় উদ্বেগের বিষয়। ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা রাধিকা মদন ও বিজয় ভার্মা সম্প্রতি এমন অভিজ্ঞতা ও আশঙ্কা নিয়ে কথা বলেছেন। তাঁদের বক্তব্যে উঠে এসেছে, ঝুঁকির কথা জানা থাকলেও শুটিংয়ের সময় সেসব চিন্তা দূরে রেখে চরিত্র ও দৃশ্যের প্রতি মনোযোগ দিতে হয়।
‘নিউজ১৮’–কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, কোনো অন্তরঙ্গ দৃশ্যের ক্লিপ ফাঁস হয়ে গেলে সেটি আর অভিনেতার নিয়ন্ত্রণে থাকে না। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজ এবং নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখার চেষ্টা করেন তিনি। রাধিকার মতে, যাঁদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক, তাঁদের আচরণ একজন অভিনেতার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তাঁর মাথায় থাকে। তবে সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয় এবং আশা করতে হয়, শুটিংয়ের কোনো দৃশ্য পরবর্তীতে অনাকাঙ্ক্ষিতভাবে ছড়িয়ে পড়বে না। ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যেও অভিনয় করেছেন রাধিকা।
এ ধরনের অভিজ্ঞতা বিজয় ভার্মারও রয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’–এ তৎকালীন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য প্রকাশের পর অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মেও সেই দৃশ্যের ক্লিপ ঘুরতে দেখা যায়। ফলে এমন দৃশ্যের শুটিংয়ের পর কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকেই ধারণা রয়েছে বিজয়ের।
বিজয়ের ভাষ্য, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় একজন অভিনেতাকে দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে মানসিকভাবে আলাদা করে রাখতে হয়। কারণ, শুটিংয়ের মুহূর্তে এসব ক্লিপ ভবিষ্যতে কোথায় বা কীভাবে ছড়িয়ে পড়তে পারে—এমন চিন্তা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে।
এর আগে অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী রাধিকা আপতেও। ২০১৬ সালের ‘পার্চড’ ছবিতে তাঁর একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর কী ধরনের আতঙ্কের মধ্যে পড়েছিলেন, সে বিষয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন তিনি।
রাধিকা আপতের বক্তব্য অনুযায়ী, দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর পরিচিত-অপরিচিত অনেকেই সেটি দেখে ফেলেছিলেন। সে সময় তিনি একাই থাকতেন। ফলে বিষয়টি শুধু মানসিক অস্বস্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। এমনকি তাঁর পরিচিত কয়েকজনের কাছেও ওই ভিডিও পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।
রাধিকা আপতের সেই অভিজ্ঞতার পাশাপাশি রাধিকা মদন ও বিজয় ভার্মার বক্তব্য সামনে এনেছে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যের আরেকটি দিক। অভিনেতারা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকলেও শুটিংয়ের সময় তাঁদের অভিনয়ের প্রতি মনোযোগ ধরে রাখতে হয়। কারণ, একটি দৃশ্য তৈরি করার সময় ভবিষ্যতে সেটি কীভাবে দর্শকের কাছে পৌঁছাবে, তা তাঁদের নিয়ন্ত্রণে থাকে না।
‘লাস্ট স্টোরিজ ৩’–এ ভালোবাসা, যৌনতা, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ছবিটির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। এতে অভিনয় করেছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি, কঙ্কনা সেন শর্মাসহ আরও অনেকে।