অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

Pinky Saha Pinky Saha ৮ অক্টোবর ২০২৬, ২:০৪ PM BST ৭৩ বার পঠিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা। পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। সরোয়ার ইমরানের জায়গায় প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ডেভিড হেম্প। নতুন কোচের অধীনে প্রথম সিরিজেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির পাঠানো ভিডিওতে তিনি জানিয়েছেন, দল একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। অনুশীলনের উইকেটেও ছিল তুলনামূলক বেশি গতি ও বাউন্স, যা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কিছুটা নতুন অভিজ্ঞতা। তবে গত চার-পাঁচ দিনের প্রস্তুতিতে খেলোয়াড়েরা ভালোভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানাই। তবে পরিসংখ্যান বলছে, প্রতিপক্ষের বিপক্ষে কাজটা সহজ হবে না। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার সব কটিতেই হারতে হয়েছে। টি-টুয়েন্টি সংস্করণেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি দলটি।

ওয়ানডে ও টি-টুয়েন্টি—দুই সংস্করণেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন হেম্প। তবে ফলাফলের চাপের বদলে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর প্রত্যাশা, ম্যাচের পরিস্থিতি, নিজেদের খেলার ধরন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা ইতিবাচক থাকবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের মেয়েরা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: