রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ নিয়ে ম্যাক্রোঁর সতর্কবার্তা, বাড়ছে উদ্বেগ

Pinky Saha Pinky Saha ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৯ PM BST ৩২ বার পঠিত
রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ নিয়ে ম্যাক্রোঁর সতর্কবার্তা, বাড়ছে উদ্বেগ

ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপ ও ফ্রান্সের বিরুদ্ধে রাশিয়ার ‘হাইব্রিড হুমকি’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। এ পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাতের সংবেদনশীল স্থাপনা সুরক্ষায় একটি বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এলিসি প্রাসাদে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স সাম্প্রতিক সময়ে তথ্যভিত্তিক, সাইবার ও শারীরিক—বিভিন্ন ধরনের হাইব্রিড হামলার শিকার হয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন রয়েছে। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের লক্ষ্য ইউক্রেনের প্রতি ইউরোপীয় দেশগুলোর সমর্থন দুর্বল করা ও তাদের ওপর চাপ সৃষ্টি করা।

‘হাইব্রিড হামলা’ বলতে সাধারণত সরাসরি সামরিক আক্রমণের বাইরে সাইবার হামলা, নাশকতা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, বিদেশি হস্তক্ষেপসহ বিভিন্ন ধরনের সমন্বিত কর্মকাণ্ডকে বোঝানো হয়। ম্যাক্রোঁ বলেন, রাশিয়ার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ফ্রান্স ও ইউরোপকে আরও সতর্ক থাকতে হবে।

ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যে জার্মানির লাইপজিগ বিমানবন্দরের ঘটনাটিও উঠে আসে। গত আগস্টে সেখানে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন পাওয়া যায়। জার্মান কর্তৃপক্ষ পরে এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে।

ম্যাক্রোঁ বলেন, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির ধরন বদলাচ্ছে। তাই ড্রোন ও সাইবার হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাশাপাশি প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাতের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোকে সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে রাশিয়ার চাপ বা হুমকি ফ্রান্সের অবস্থান পরিবর্তন করবে না। তার মতে, ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে ইউরোপের নিজেদের নিরাপত্তার বিষয়টিও যুক্ত।

এদিকে রাশিয়া বরাবরই ইউরোপে হামলার পরিকল্পনার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকেও ইউরোপে হামলার কোনো পরিকল্পনা নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা পাঠালে মস্কো সেটিকে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচনা করতে পারে।

যুক্তরাজ্য নিয়েও সাম্প্রতিক সময়ে রাশিয়ার পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে। মস্কোর দাবি, ইউক্রেনে থাকা কোনো ব্রিটিশ সামরিক স্থাপনা রাশিয়ার ভূখণ্ডে হামলার কাজে ব্যবহৃত হলে সেগুলোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ জ্বালানি নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, ইউরোপীয় কমিশনের সঙ্গে গ্যাসের মজুত ও কৌশলগত জ্বালানি রিজার্ভ নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জি-৭ দেশগুলোর একটি বৈঠক আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: