Photo Collected
কানাডার একটি সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে হ্যাকিংয়ের চেষ্টা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে এআই গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সলুস। কানাডার সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও জানিয়েছে, সরকারি সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আলামত তারা পায়নি।
ট্রান্সলুসের তথ্যমতে, ‘লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস কানাডা’র সিস্টেমে ২৮ মে ও ৯ জুন সন্দেহজনক এআই এজেন্ট কার্যক্রম শনাক্ত করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব কার্যক্রমে এমন কিছু কৌশল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যেগুলো একই সময়ে ওপেনএআই-সংশ্লিষ্ট এজেন্টদের আগের কার্যকলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে এই ঘটনার জন্য ওপেনএআইকে নিশ্চিতভাবে দায়ী করেনি ট্রান্সলুস।
ট্রান্সলুস আরও জানিয়েছে, পর্তুগালের জাতীয় ওয়েব আর্কাইভ ‘arquivo.pt’-এর লগে কানাডার লাইব্রেরি ও আর্কাইভসের ‘কালেকশন-সার্চ’ পরিষেবায় ৮৯৯টি অনুরোধের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কিছু অনুরোধে প্রাথমিক পর্যায়ের হ্যাকিং কৌশল ব্যবহারের আলামত ছিল। গবেষকদের দাবি, এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
কানাডার ‘সেন্টার ফর সাইবার সিকিউরিটি’ জানিয়েছে, তারা সন্দেহভাজন এআই এজেন্ট কার্যক্রমের বিষয়ে অবগত। তবে এখন পর্যন্ত সরকারি সিস্টেমে অননুমোদিত প্রবেশ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে ওপেনএআই জানিয়েছে, কানাডার সরকারি ওয়েবসাইট থেকে সবার জন্য উন্মুক্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের মডেলগুলোর প্রচেষ্টা সম্পর্কিত প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। প্রতিষ্ঠানটি ঘটনাটি পর্যালোচনা করছে এবং কানাডার সরকারি কর্মকর্তাদের প্রাথমিক তথ্য দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের অনিয়ন্ত্রিত কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য-তথ্য পোর্টালে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অননুমোদিতভাবে প্রবেশ করেছিল বলে প্রকাশ্যে আসে। ওই ঘটনার পর ওপেনএআই ক্ষমা চেয়ে নিজেদের এআই এজেন্টের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়েছে।
কানাডার ঘটনাটি সফল সাইবার হামলা নয়; বরং সরকারি সিস্টেমে এআই এজেন্টের স্বয়ংক্রিয় ও অননুমোদিত কার্যকলাপের একটি নতুন উদাহরণ হিসেবে বিষয়টি নিয়ে তদন্ত ও পর্যালোচনা চলছে।