নিউইয়র্কে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল

Pinky Saha Pinky Saha ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ AM BST ২ বার পঠিত
নিউইয়র্কে ৫৬০ কোটি টাকায় বিক্রি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল

Photo Collected

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে ‘জোডি’ নামে পরিচিত একটি ডাইনোসরের জীবাশ্ম কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৫৬০ কোটি টাকা। নিলামের আগে কঙ্কালটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৯০ লাখ ডলার। সোথবির আয়োজিত নিলামে প্রায় ১২ মিনিট ধরে ছয়জন সম্ভাব্য ক্রেতার মধ্যে দর-কষাকষির পর কঙ্কালটি বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রায় তিন মিটার উচ্চতার এই জীবাশ্ম কঙ্কালে ১৯১টি জীবাশ্ম হয়ে যাওয়া হাড়ের অংশ রয়েছে। মন্টানায় জোডি পিয়ারসন এটি আবিষ্কার করেন এবং পরে ক্লেটন ফিপসের নেতৃত্বে এর খননকাজ সম্পন্ন হয়। প্রথমদিকে কঙ্কালটিকে অল্পবয়স্ক টাইরানোসরাস রেক্স বা টি-রেক্সের বলে মনে করা হলেও পরবর্তী গবেষণায় এটিকে ‘ন্যানোটাইরানাস’ নামে স্বতন্ত্র প্রজাতির অন্তর্ভুক্ত বলে শনাক্ত করা হয়।

ডাইনোসরের জীবাশ্ম বিক্রির ইতিহাসে জোডির এই দাম অন্যতম সর্বোচ্চ। এর আগে ‘গাস’ নামে একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ১০ হাজার ডলারে এবং ‘এপেক্স’ নামে একটি স্টেগোসরাসের কঙ্কাল ৪ কোটি ৪৬ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

তবে গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হওয়া নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। তাঁদের আশঙ্কা, ব্যক্তিগত মালিকানায় চলে গেলে গবেষণার কাজে এসব জীবাশ্মের ব্যবহার ও জনসাধারণের জন্য প্রদর্শনের সুযোগ সীমিত হতে পারে। অন্যদিকে, সমর্থকদের মতে, এ ধরনের নিলাম জীবাশ্ম সংরক্ষণ ও প্রদর্শনের নতুন সুযোগও তৈরি করতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: