রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন ফরম্যাটে শুরু চ্যাম্পিয়নস লিগ

Pinky Saha Pinky Saha ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM BST ১৭ বার পঠিত
রিয়ালের রেকর্ড ছোঁয়ার হাতছানি পিএসজির, নতুন ফরম্যাটে শুরু চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সামনে রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার হাতছানি। চ্যাম্পিয়নস লিগ যুগে টানা তিনবার ইউরোপসেরা হওয়ার কীর্তি এখন পর্যন্ত শুধু রিয়াল মাদ্রিদের দখলে। এবার লুইস এনরিকের দল সেই রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামছে।

নতুন মৌসুমে তৃতীয়বারের মতো উয়েফার নতুন ফরম্যাটে চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হচ্ছে। আগের মতো ৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করে খেলা হবে না। এবার মূল পর্বে থাকছে ৩৬টি দল। লিগ পর্বে প্রতিটি দল আটটি ভিন্ন দলের বিপক্ষে চারটি করে ম্যাচ নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে। আট ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা ১৬ দল প্লে-অফে মুখোমুখি হবে। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলোর ইউরোপীয় যাত্রা শেষ হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

এবার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে অভিষেক হচ্ছে কোমো, সাবাহ বাকু, এলএএসকে লিনৎস ও ভাইকিংয়ের। দীর্ঘ বিরতির পর ফিরছে রিয়াল বেতিস, ফেনেরবাচে, এইকে এথেন্স, রোমা, পোর্তো ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও।

নতুন ফরম্যাটে বেশ কিছু নতুন দ্বৈরথও দেখা যাবে। পিএসজি প্রথমবারের মতো রোমার মুখোমুখি হবে। অ্যাস্টন ভিলা ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যেও হবে প্রথম চ্যাম্পিয়নস লিগ লড়াই। এ ছাড়া সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন রদ্রি, সেস্ক ফ্যাব্রেগাস ও ফেরান তোরেসের মতো তারকারা।

পিএসজির জন্য অবশ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখা। ঘরের মাঠে বার্সেলোনা, রোমা ও গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে তারা। আর প্রতিপক্ষের মাঠে ভিয়ারিয়াল, কোমো, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার মতো দলের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসাতে হলে কঠিন এই পথ পাড়ি দিতে হবে পিএসজিকে। আগামী বছরের ৫ জুন মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে ইউরোপের নতুন রাজা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: