রোনালদোর গ্যারেজে ৪০ গাড়ি, কোনটি সবচেয়ে দামি?

Pinky Saha Pinky Saha ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৪ PM BST ৩৩ বার পঠিত
রোনালদোর গ্যারেজে ৪০ গাড়ি, কোনটি সবচেয়ে দামি?

Photo Collected

ছোটবেলায় অনেকেরই খেলনার গাড়ি সাজিয়ে রাখার শখ থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো সেই শখটাকেই যেন বড় হয়ে নিয়ে গেছেন অন্য মাত্রায়। তাঁর ব্যক্তিগত গ্যারেজ এখন অনেকটা বিলাসবহুল গাড়ির শোরুমের মতো।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের গাড়ির সংগ্রহের তিনটি ছবি প্রকাশ করেন রোনালদো। ক্যাপশনে লিখেছিলেন মাত্র দুটি শব্দ—‘মাই টয়েজ’। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। কয়েক সপ্তাহের মধ্যে এতে ২ কোটি ৬৫ লাখের বেশি লাইক পড়ে এবং মন্তব্য আসে প্রায় ৪ লাখ।

একটি ছবিতে লাল ফেরারির বনেটে বসে থাকতে দেখা যায় রোনালদোকে। সাদা শার্ট, হালকা নীল জিনস ও কালো সানগ্লাসে ছিলেন তিনি।

৪১ বছর বয়সী এই ফুটবলার তখন ছুটিতে ছিলেন। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের শেষ ষোলো থেকে বিদায়ের পর স্পেনের মায়োরকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। সেই সময়ই ভক্তদের নিজের গাড়ির সংগ্রহের ঝলক দেখান।

গ্যারেজ যেন বিলাসবহুল গাড়ির শোরুম

রোনালদোর ব্যক্তিগত গ্যারেজে একসঙ্গে এক ডজনের বেশি গাড়ি রাখা যায়। কালো চকচকে মেঝে, ছাদজুড়ে এলইডি আলো আর সাজানো গাড়িগুলো মিলিয়ে জায়গাটি অনেকটা আধুনিক গাড়ির শোরুমের মতো।

সেখানে রয়েছে বুগাত্তি ভেরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট ভিতেস এবং বিশেষভাবে তৈরি একটি বুগাত্তি শিরন। আছে নতুন বুগাত্তি তুরবিইয়োঁ, যার দাম প্রায় ৩২ লাখ পাউন্ড। রয়েছে মার্সিডিজ-এএমজি ওয়ানও, যেটি সীমিত সংখ্যায় তৈরি হয়েছে।

ফেরারির সংগ্রহও কম নয়। রোনালদোর গ্যারেজে রয়েছে ফেরারি পুরোসাংগে, দাইতোনা এসপি ৩, মনৎসা এসপি ১, কালো ফেরারি ৫৯৯ জিটিও এবং লাফেরারি।

এ ছাড়া ম্যাকলারেন সেনা ও স্পিডটেইল, লাম্বরগিনি আভেন্তাদর, পোর্শে ৯১১, বেন্টলি ফ্লাইং স্পার এবং ব্রাবাসের তৈরি মার্সিডিজ জি-ওয়াগনও রয়েছে তাঁর সংগ্রহে।

আইর্তন সেনার নামে তৈরি ম্যাকলারেন

রোনালদোর সংগ্রহের অন্যতম আকর্ষণ ম্যাকলারেন সেনা। কিংবদন্তি ব্রাজিলিয়ান রেসিং চালক আইর্তন সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। বিশ্বে এর মাত্র ৫০০টি তৈরি হয়েছে।

গাড়িটি শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ২.৮ সেকেন্ড। এর দাম প্রায় ১০ লাখ ডলার।

ফেরারি মনৎসা এসপি ১-ও রোনালদোর সংগ্রহের বিশেষ একটি গাড়ি। পঞ্চাশের দশকের রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গাড়িতে প্রচলিত ছাদ কিংবা উইন্ডশিল্ড নেই। এর দাম প্রায় ১৮ লাখ ডলার।

সবচেয়ে দামি বুগাত্তি সেন্তোদিয়েচি

রোনালদোর গাড়ির সংগ্রহে সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি বুগাত্তি সেন্তোদিয়েচি। বুগাত্তির ১১০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই গাড়িটি নব্বইয়ের দশকের বুগাত্তি ইবি ১১০-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য।

সেন্তোদিয়েচি মাত্র ১০টি তৈরি করেছে বুগাত্তি। রোনালদোর সংগ্রহে রয়েছে এর একটি।

গাড়িটির প্রাথমিক মূল্য ধরা হয়েছিল ৮৫ লাখ থেকে ১ কোটি ডলারের মধ্যে। পরবর্তী সময়ে বিভিন্ন হিসাবে এর মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ ডলার পর্যন্ত বলা হয়েছে।

গাড়িটিতে রয়েছে ৮ লিটারের ডব্লিউ১৬ ইঞ্জিন ও চারটি টার্বোচার্জার। এটি সর্বোচ্চ ১ হাজার ৬০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র ২.৪ সেকেন্ড। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৮০ কিলোমিটারে সীমাবদ্ধ।

৪০ থেকে ৪১ গাড়ির সংগ্রহ

নিজের গাড়ির সংখ্যা নিয়ে কখনো গোপনীয়তা রাখেননি রোনালদো। এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজেই বলেছেন, ‘অনুমান করতে পারি, ৪০ বা ৪১টা। আমি বুগাত্তির গাড়ি খুব পছন্দ করি, ওগুলো একেবারেই আলাদা রকমের গাড়ি।’

তাঁর পুরো গাড়ির সংগ্রহের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ডলার।

আল নাসর থেকে সতীর্থদের সঙ্গে উপহার হিসেবে পাওয়া বিএমডব্লিউও রয়েছে তাঁর কাছে। তবে রোনালদোর গাড়ির সংগ্রহে সেটি বড় কোনো ব্যতিক্রম নয়।

মনৎসা এসপি ১ ও দাইতোনা এসপি ৩ ফেরারির সীমিত সংস্করণের ‘ইকোনা’ সিরিজের গাড়ি। এগুলো সাধারণভাবে শোরুমে গিয়ে কেনার সুযোগ থাকে না; বরং নির্বাচিত ক্রেতাদের জন্য বরাদ্দ দেওয়া হয়। একইভাবে মার্সিডিজ-এএমজি ওয়ানও এমন গাড়ি, যা শুধু অর্থ থাকলেই সহজে কেনা যায় না।

তাই রোনালদোর গ্যারেজকে শুধু দামি গাড়ির সংগ্রহ বললে পুরো গল্পটা বলা হয় না। সীমিত সংস্করণ, বিশেষ নকশা ও বিরল মডেলের প্রতি তাঁর আগ্রহও এই সংগ্রহকে আলাদা করে তুলেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: