সাইফউদ্দিনের বদলে এশিয়ান গেমসে আলিস আল ইসলাম

Pinky Saha Pinky Saha ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ PM BST ২৮ বার পঠিত
সাইফউদ্দিনের বদলে এশিয়ান গেমসে আলিস আল ইসলাম

ছবি: সংগৃহীত

মিরপুরে এশিয়ান গেমসের প্রস্তুতিতে আগে থেকেই ছিলেন আলিস আল ইসলাম। এত দিন জাতীয় দলের নীল রঙের অনুশীলন জার্সিতে দেখা গেলেও আজ সকালে তাঁর গায়ে ওঠে এশিয়ান গেমসের কমলা রঙের অনুশীলন জার্সি। বিকেলেই আসে আনুষ্ঠানিক ঘোষণা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিনের পরিবর্তে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে যাচ্ছেন স্পিনার আলিস আল ইসলাম।

২০১৯ সালে বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন আলিস। তবে জাতীয় দলের হয়ে এখনো তাঁর অভিষেক হয়নি। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন এই স্পিনার। ওই আসরে বিপিএলের ৮ ম্যাচে ওভারপ্রতি ৭.৭১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে সুযোগ পান। তবে আঙুলের চোটে সিরিজ শুরুর আগেই দল থেকে ছিটকে যান।

এরপরও চোট বারবার তাঁর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আলিস। ওভারপ্রতি ৬.১২ রান দিয়ে তাঁর শিকার ৫৯ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলা একমাত্র ৫০ ওভারের ম্যাচেও ৩ উইকেট নিয়েছেন তিনি।

এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অভিযান শুরু হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: