সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হার, টানা দুই ম্যাচে পরাজিত বাংলাদেশ

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ AM BST ৫০ বার পঠিত
সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হার, টানা দুই ম্যাচে পরাজিত বাংলাদেশ

সংগৃহীত ছবি

জাকার্তায় সিঙ্গাপুরের বিপক্ষে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে রায়ান স্টুয়ার্টের হেড থেকে পাওয়া একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সিঙ্গাপুর।

ম্যাচের শুরুতে অবশ্য আত্মবিশ্বাসী ফুটবল খেলেছিল বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল লাল-সবুজের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার থেকে সুযোগ তৈরি হলেও বক্সে থাকা কোনো বাংলাদেশি খেলোয়াড় বলে পা ছোঁয়াতে পারেননি।

১৫ মিনিটে রাকিব হোসেন বল নিয়ে সিঙ্গাপুরের পেনাল্টি এলাকার দিকে এগিয়ে গেলেও তার সঙ্গে সতীর্থরা দ্রুত বক্সে ঢুকতে না পারায় আক্রমণটি বড় কোনো সুযোগে পরিণত হয়নি।

এর আগে ষষ্ঠ মিনিটে হলুদ কার্ড দেখেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে পেছন থেকে জার্সি ধরে থামানোর কারণে রেফারি তাকে সতর্ক করেন।

তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে সিঙ্গাপুর। ১৬ মিনিটে ইলহান ফান্দির নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান। ওই আক্রমণের পরপরই দুটি কর্নার আদায় করে নেয় সিঙ্গাপুর।

৩৩ মিনিটে আবারও পরীক্ষার মুখে পড়েন মেহেদী। বক্সের বাইরে ডান প্রান্ত থেকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া শট দুর্দান্তভাবে প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।

তবে দুই মিনিট পর আর গোল ঠেকাতে পারেনি বাংলাদেশ। ৩৫ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। তার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ডান দিক থেকে নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে সিঙ্গাপুর। ৪৭ মিনিটে তাদের একটি শট বারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন মেহেদী হাসান।

সমতায় ফিরতে একের পর এক বদলি খেলোয়াড় মাঠে নামান বাংলাদেশের কোচ টমাস ডুলি। ৫৭ মিনিটে শেখ মোরছালিনের বদলে মাঠে নামেন মিনহাজুল করিম। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক।

৭১ মিনিটে আরও দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। শমিত সোমের বদলে সোহেল রানা এবং শুকি ইতোফুসার পরিবর্তে মাঠে নামেন ফাহামিদুল ইসলাম।

মাঠে নেমেই বাঁ প্রান্তে গতি বাড়ান ফাহামিদুল। তার দৌড় ও ক্রস দিয়ে সিঙ্গাপুরের রক্ষণে কিছুটা চাপ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

৭৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে উঠে ফাহামিদুলের বাড়ানো ক্রস থেকে সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। তবে তার হেড আটকে দেন সিঙ্গাপুরের গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের অন্যতম সেরা গোলের সুযোগ ছিল এটি।

শেষদিকে সমতাসূচক গোলের সন্ধানে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে আসেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের সংগঠিত রক্ষণ ভেদ করতে পারেনি বাংলাদেশ।

নির্ধারিত সময়ের পর আরও ছয় মিনিট খেলা হলেও গোলের দেখা পায়নি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত রায়ান স্টুয়ার্টের একমাত্র গোলেই ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এর ফলে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজিত হলো বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে আন্তর্জাতিক ফুটবলে আবারও হতাশ হতে হলো লাল-সবুজের দলকে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: