ছবি: সংগৃহীত
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তাঁর সঙ্গে অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানে অলআউট হয়। পরে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় গায়ানা।
টুর্নামেন্টের শেষ দিকে গায়ানায় যোগ দিয়েছেন মিরাজ। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাঁকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নবী সিপিএল ছেড়ে যাওয়ায় তাঁর জায়গায় সুযোগ পান বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।
প্রভিডেন্সে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে জন ক্যাম্পবেলকে লং অফে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর নিজের তৃতীয় ওভারে কেমল স্যাভরি ও চারিত আসালাঙ্কাকে ফিরিয়ে নিজের উইকেটসংখ্যা তিনে নিয়ে যান। স্যাভরি এলবিডব্লিউ হলেও পরে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে তিনি বেঁচে যেতে পারতেন। আসালাঙ্কা উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দেন।
মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ম্যাচে মূল নায়ক ছিলেন ইমরান তাহির। এই লেগ স্পিনার ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। দুই স্পিনারের বোলিংয়ের সামনে ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়ার ইনিংস।
ব্যাট হাতে অবশ্য মিরাজের অভিষেকটা ভালো হয়নি। তিনি করেন মাত্র ১ রান। তবে বোলিংয়ে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ গায়ানার অধিনায়ক তাহির। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় মিরাজের প্রশংসা করে তিনি বলেন, নবীর জায়গায় এসে মিরাজ সত্যিই ভালো বোলিং করেছেন। তাঁর মতো বিশ্বমানের একজন বোলারকে দলে পাওয়া গায়ানার জন্য দারুণ ব্যাপার বলেও মন্তব্য করেন তাহির।