লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০২১ সালে স্পেন ছাড়লেও দেশটির ফুটবলের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন লিওনেল মেসি। এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন এই তারকা। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। আর্থিক ও আইনি বিষয় যাচাইয়ের পর স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন তিনি। কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায় এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। ১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারির লিগে খেলেছে। ২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ওঠে তারা। তবে দুই মৌসুম পর অবনমন হয়ে আবার চলতি গ্রীষ্মে দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে ক্লাবটি।
দ্বিতীয় বিভাগে ফিরলেও এলদেনসের শুরুটা ভালো হয়নি। চলতি মৌসুমে চার ম্যাচ খেলেও এখনো জয় পায়নি দলটি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে এবং নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী পরিস্থিতিতে ক্লাবটির কার্যক্রম চলছে।
এলদেনসের মালিকানা মেসির ফুটবল বিনিয়োগকে আরও বিস্তৃত করবে। ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানাতেও আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী মেসি।
স্পেনে মেসির দুই ক্লাবের মালিকানা নিয়েও আপাতত বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। কারণ কর্নেয়া পঞ্চম বিভাগে এবং এলদেনসে দ্বিতীয় বিভাগে খেলছে—দুই দলের মধ্যে রয়েছে তিন বিভাগের ব্যবধান। তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে একই মালিকের দুটি ক্লাবকে একই প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতে দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬। চুক্তি চূড়ান্ত হলে ছোট এই ক্লাবটির মালিকানায় মেসির আগমন স্প্যানিশ ফুটবলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়তি আগ্রহ তৈরি করতে পারে।