ভেড়ামারায় তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Sharmin Sultana Sharmin Sultana ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ PM BST খুলনা ২৯ বার পঠিত
ভেড়ামারায় তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

collected

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে।

নিহত তরুণী তমা খাতুন (২০) উপজেলার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার সাবেক স্বামী আবু বক্করকে আটক করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে নিজ বাড়ি ফকিরাবাদের বখশিপাড়ায় ফিরছিলেন তমা। পথে একটি মোটরসাইকেল তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, অজ্ঞাত একটি স্থানে নিয়ে গিয়ে কয়েকজনের একটি দল তার ওপর যৌন নির্যাতন চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে বখশিপাড়ার একটি নির্জন মোড়ে ফেলে রেখে যায় তারা।

রাত সাড়ে ১২টার পর পরিবারের সদস্যরা তমাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন তমার মা কাজলী খাতুন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন।

নিহতের মামাতো ভাই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, তমাকে গোলাপনগর বাজার থেকে অপহরণের পর কয়েকজনের একটি দল নির্যাতন করে গুরুতর অবস্থায় একটি নির্জন স্থানে ফেলে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: