ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারাল স্পেন

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ PM BST ২৮ বার পঠিত
ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারাল স্পেন

Photo Collected

উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্পেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেভিয়ার রামন সানচেজ পিসহুয়ান স্টেডিয়ামে লিগ ‘এ’-এর গ্রুপ ‘সি’র ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। কিক অফের মাত্র ৭০ সেকেন্ডের মধ্যেই দলকে এগিয়ে দেন লামিন ইয়ামাল। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে ফেরমিন লোপেসের পাস পেয়ে ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে নিচু শটে গোল করেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

২৮ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো। তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্পেন। ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন মার্ক পিউবিল।

দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের ধার কমেনি। ৬৩ মিনিটে পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে চারটি অবদানে নাম লিখিয়েছেন তিনি। ৬৮ মিনিটে ইয়ামালকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান তরুণ এই তারকা।

ম্যাচের ৮১ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামেন ৪১ বছর বয়সী কিংবদন্তি লুকা মদরিচ। তবে তাঁর উপস্থিতিতেও ম্যাচের চিত্র বদলায়নি। ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান নিকো উইলিয়ামস। রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।

বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামা স্পেনের জন্য দিনটি ছিল আরও বিশেষ। ম্যাচ শুরুর আগে অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে ধরে দর্শকদের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা উদ্‌যাপন করেন। এরপর মাঠের লড়াইয়েও সেই উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখে স্পেন।

নেশনস লিগে টানা দুই জয়ে দারুণ শুরু করা স্পেন পরবর্তী ম্যাচে ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। একই দিনে ক্রোয়েশিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: