ছবি: সংগৃহীত
ফুটবলে এতদিন শাস্তির সংকেত হিসেবে লাল ও হলুদ কার্ডই পরিচিত ছিল। এবার ইউরোপের ফুটবলে যুক্ত হলো নতুন ‘ব্ল্যাক কার্ড’। তবে খেলোয়াড়দের অপরাধের জন্য নয়, বয়সভিত্তিক ম্যাচে অভিভাবক ও দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রোমানিয়া ফুটবল ফেডারেশন জানায়, ৭ থেকে ১৬ বছর বয়সি শিশু-কিশোরদের প্রতিযোগিতায় গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, ধাক্কাধাক্কি কিংবা অন্য কোনো আপত্তিকর আচরণের বিরুদ্ধে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। কাতালান সংবাদপত্র ‘স্পোর্ট’-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেডারেশনের ভাষ্য, শিশুদের জন্য ফুটবল আনন্দ ও সুস্থ বিকাশের জায়গা হওয়া উচিত। গ্যালারিতে থাকা প্রাপ্তবয়স্কদের অতিরিক্ত প্রত্যাশা, চাপ বা হতাশার প্রভাব যেন শিশু খেলোয়াড়দের ওপর না পড়ে, সেটিই নতুন নিয়মের মূল উদ্দেশ্য।
নিয়ম অনুযায়ী, কোনো দর্শক বা অভিভাবক অশোভন আচরণ করলে শুরুতেই তাকে ব্ল্যাক কার্ড দেখানো হবে না। প্রথমে রেফারি সতর্ক করবেন। কোচদের মাধ্যমে দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের আহ্বান জানানো হবে এবং মাইকে সতর্কবার্তাও প্রচার করা হবে।
এরপরও পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হবে। কিন্তু সতর্কতা ও সাময়িক স্থগিতের পরও দর্শক বা অভিভাবকদের আচরণ নিয়ন্ত্রণে না এলে রেফারি ব্ল্যাক কার্ড দেখাতে পারবেন।
ব্ল্যাক কার্ড দেখানোর সবচেয়ে কঠোর দিক হলো, এর পর ম্যাচটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গ্যালারিতে প্রাপ্তবয়স্কদের অশোভন আচরণের কারণে শিশুদের ম্যাচ আর পুনরায় শুরু করার সুযোগ থাকবে না।
রোমানিয়া ফুটবল ফেডারেশনের জরুরি কমিটি ১১ সেপ্টেম্বর নতুন নিয়মটি অনুমোদন করেছে। শিশু-কিশোরদের ফুটবলকে নিরাপদ ও ইতিবাচক পরিবেশে রাখার উদ্যোগ হিসেবে এটিকে ইউরোপীয় ফুটবলে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।