২০২৭ বিশ্বকাপই শেষ, কোহলির মুখে বিদায়ের ঘোষণা

Pinky Saha Pinky Saha ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ PM BST ৪৭ বার পঠিত
২০২৭ বিশ্বকাপই শেষ, কোহলির মুখে বিদায়ের ঘোষণা

বিরাট কোহলির।সংগৃহীত ছবি

গল্পটা শুরু হয়েছিল ১৫ বছর আগে। ২০১১ বিশ্বকাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি দিয়ে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন বিরাট কোহলি। তখন বয়স ছিল মাত্র ২২। সেই তরুণই এখন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা। আর দীর্ঘ ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের কথাও জানিয়ে দিলেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। ভারতীয় গণমাধ্যম জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় নিজেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে আগামী বছর ৪ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। বিদেশের ভিন্ন কন্ডিশনে টুর্নামেন্টটি খেলতে শারীরিক ও মানসিকভাবে বাড়তি চাপ সামলাতে হবে বলেও মনে করছেন কোহলি।

কোহলি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির বিদায়ের প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছে আগেই। ২০২৪ সালের জুনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণ থেকে অবসর নেন তিনি। এরপর ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেটও ছেড়ে দেন। এখন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে শুধু ওয়ানডে খেলছেন তিনি।

বিশ্বকাপে কোহলির রেকর্ড

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ভারতের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন কোহলি। এরপর আরও তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ১১ ম্যাচে ৭৬৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এক আসরে সেটিই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচের ৩৭ ইনিংসে ৫৯.৮৩ গড়ে কোহলির সংগ্রহ ১ হাজার ৭৯৫ রান। তাঁর সেঞ্চুরি পাঁচটি, ফিফটি ১২টি। বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় তাঁর সামনে শুধু শচীন টেন্ডুলকার। শচীনের ২ হাজার ২৭৮ রান ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন আরও ৪৮৪ রান।

২০১১ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন কোহলি। সেই আসরেই ভারত চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপ খেলেছেন তিনি। সর্বশেষ ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় ভারত।

‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য রকম’

কোহলির মতে, ওয়ানডে বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতা ও তীব্রতা অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আলাদা। তাঁর ভাষায়, ৫০ ওভারের বিশ্বকাপে প্রায় ১০টি ম্যাচজুড়ে একই মাত্রার তীব্রতা ধরে রাখতে হয়।

কোহলি বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়।’

তাই এত বড় টুর্নামেন্টে টানা ম্যাচে একই মাত্রার শারীরিক ও মানসিক তীব্রতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।

শেষ বিশ্বকাপে লক্ষ্য একটাই

দেড় দশকের বেশি সময় ধরে ভারতের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ কোহলি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তাঁর ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। বিশ্বকাপ জেতাই তাঁর প্রধান লক্ষ্য।

কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ বাড়াচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে তাদের প্রস্তুতি। এরপর বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে ভারতের। ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষেও তিনটি ওয়ানডে খেলবে তারা।

মিরপুরে ২০১১ সালে যে বিশ্বকাপ-গল্পের শুরু হয়েছিল, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে সেই গল্পের শেষ অধ্যায় লিখতে নামবেন কোহলি। শেষ বিশ্বকাপে তাঁর সামনে থাকবে আরেকটি শিরোপা জয়ের লক্ষ্য।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: