সংগৃহীত ছবি
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইতালিতে নিজের অভিজ্ঞতা, পুলিশের ভূমিকা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী।
এ সময় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়েও কড়া বার্তা দেন বাঁধন। দলটিকে বড় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে দলটি রাজনীতিতে ফিরতে পারে। তাই এমন কোনো রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যার কারণে ভবিষ্যতে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।
বাঁধন বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরোধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’
তিনি আরও বলেন, ‘সো আপনারা কী ধরনের রাজনীতি করবেন; সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করিয়েন না, যেটার জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হবে।’
এর আগে গত সপ্তাহে ইতালিতে অনুষ্ঠিত ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে দেশ ছাড়েন বাঁধন। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে।
তবে সিনেমাটির প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, তাকে লক্ষ্য করে পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা হয়। পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং তার হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি।
ওই সময় বাঁধনের সঙ্গে তার ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও ছিলেন বলে জানান অভিনেত্রী। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ ও সমর্থনের বার্তা দেন।
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির পুলিশের ভূমিকার কথাও জানান বাঁধন। তার বক্তব্যে সেখানে পাওয়া নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। একই সঙ্গে দেশে ফিরে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেওয়া তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আসছেন বাঁধন। এবার ভেনিস সফর, সিনেমার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইতালিতে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে দেশে ফেরার পরও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।