বৈভবকে থামাতে আইপিএল সতীর্থদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে আফগানিস্তান

Pinky Saha Pinky Saha ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ PM BST ২৭ বার পঠিত
বৈভবকে থামাতে আইপিএল সতীর্থদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে থামাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান। ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে বড় হুমকি হিসেবে দেখছেন আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান। তাকে আটকাতে ভিডিও বিশ্লেষণের পাশাপাশি আইপিএলে বৈভবের বিপক্ষে খেলা সতীর্থদের অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছে আফগান দল।

প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে জাদরান বৈভবকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, আইপিএলসহ বিভিন্ন পর্যায়ে পারফর্ম করে বৈভব ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তাই তাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটার আইপিএলে বৈভবের বিপক্ষে খেলেছেন। তাদের কাছ থেকে তরুণ ওপেনারের ব্যাটিংয়ের ধরন, শক্তি ও সম্ভাব্য দুর্বলতা সম্পর্কে তথ্য নিয়েছে আফগান ম্যানেজমেন্ট। পাশাপাশি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৈভবের ব্যাটিংয়ের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখা হয়েছে।

তবে বৈভবকে আটকাতে অতিরিক্ত জটিল পরিকল্পনায় যেতে চান না জাদরান। তাঁর মতে, পরিকল্পনা যতটা সম্ভব সহজ রেখে মাঠে সেটি সঠিকভাবে বাস্তবায়ন করাই হবে মূল চ্যালেঞ্জ।

আইপিএলে নজর কাড়ার পর বৈভব যে শুধু টি-টোয়েন্টিতেই কার্যকর, সেটিও সম্প্রতি প্রমাণ করেছেন। সদ্য শেষ হওয়া দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে পাঁচ ইনিংসে ১৯২ রান করেছেন তিনি। কেন্দ্রীয় অঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে তাঁর ৯২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও দলের জয়ে বড় ভূমিকা রাখে।

এবার আবার নিজের পছন্দের টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন বৈভব। স্বাভাবিকভাবেই ভারতের ব্যাটিংয়ের এই তরুণ প্রতিভাকে ঘিরে আফগান শিবিরে বাড়তি সতর্কতা রয়েছে।

অন্যদিকে রশিদ খানের কাছ থেকে টি-টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া ইব্রাহিম জাদরানের জন্যও সিরিজটি বড় পরীক্ষা। নতুন দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, অধিনায়কত্ব বড় দায়িত্ব হলেও সেটি উপভোগ করছেন। ম্যাচের কঠিন সময়ে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়াকেই তিনি নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন।

পরিচিত কন্ডিশনে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ভারতের বিপক্ষে স্মরণীয় সিরিজ উপহার দেওয়া সম্ভব বলেও বিশ্বাস করেন জাদরান।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: