চোট নিয়েও অস্ট্রেলিয়ার স্কোয়াডে মলিনিউক্স, বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত

Pinky Saha Pinky Saha ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৮ PM BST ৩১ বার পঠিত
চোট নিয়েও অস্ট্রেলিয়ার স্কোয়াডে মলিনিউক্স, বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত

সংগৃহীত ছবি

হিপের চোট নিয়েও বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে রাখা হয়েছে অধিনায়ক সোফি মলিনিউক্সকে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাঁর খেলা এখনো নিশ্চিত নয়। আগামী কয়েক দিন ফিটনেস পর্যবেক্ষণের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে ম্যাচ তিনটি। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে। মলিনিউক্স খেলতে না পারলে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।

বাংলাদেশ সিরিজ শেষে ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুই সিরিজের জন্য প্রায় একই স্কোয়াড রাখা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় আইসিসি উইমেনস চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবেও সিরিজগুলোকে দেখা হচ্ছে।

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তরুণ অলরাউন্ডার লুসি হ্যামিল্টন। তবে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। পিঠের চোটে দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার ডার্সি ব্রাউন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অলরাউন্ডার গ্রেস হ্যারিসও এবার দলে জায়গা পাননি।

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নারী জাতীয় ক্রিকেট লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে স্কোয়াডে আরও একজন খেলোয়াড় যুক্ত করা হতে পারে। চোটের কারণে ডার্সি ব্রাউনকে কিছু সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের কোনো এক পর্যায়ে তাঁর ফেরার আশা করছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: সোফি মলিনিউক্স (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: