ছবি: সংগৃহীত
লাল বল কিংবা সীমিত ওভারের ক্রিকেট—দীর্ঘদিন ধরেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন মোহাম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও প্রায় দেড় বছর ধরে ভারতের জাতীয় দলের বাইরে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করলেও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে না পারায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
শামি জানিয়েছেন, ৩৬ বছর বয়সে একজন ফাস্ট বোলার হিসেবে নিজেকে ফিট রাখা ও কঠোর পরিশ্রম করা সহজ নয়। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তিনি নিজের ক্রিকেট উপভোগ করছেন। জাতীয় দলে ফেরার বিষয়টি তাঁর নিয়ন্ত্রণে নেই বলেও মন্তব্য করেছেন এই পেসার।
রিভার্স সুইংয়ের ক্ষেত্রে বলের যত্ন ও রক্ষণাবেক্ষণের গুরুত্বও তুলে ধরেছেন শামি। তাঁর মতে, বর্তমানে বল চকচকে রাখতে লালা ব্যবহার করা যায় না, ফলে ঘামের ওপরই নির্ভর করতে হয়। পাশাপাশি সিমের অবস্থান ঠিক রাখা এবং পিচে বল জোরে আছড়ে ফেলার মতো বিষয়গুলো রিভার্স সুইংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রঞ্জি ট্রফিসহ ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি শামি। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেসব বিষয় তাঁর নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন। বরং নিজের ক্রিকেটে মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করাই তাঁর লক্ষ্য।
ফিটনেস নিয়েও প্রশ্ন উঠলে শামি পাল্টা প্রশ্ন করেন, তাঁকে দেখে কি মনে হয়েছে যে তিনি ফিট নন? মাঠের পারফরম্যান্সই তাঁর ফিটনেসের প্রমাণ বলে ইঙ্গিত দেন এই পেসার।
শামির কথায়, তিনি সবসময় দলের জার্সির সম্মান রক্ষার জন্য খেলেন। জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নির্বাচকদের হাতে থাকলেও নিজের দিক থেকে কোনো ঘাটতি রাখতে চান না তিনি। তাই দলে সুযোগ পাওয়ার প্রত্যাশার চেয়ে ক্রিকেট উপভোগ করা এবং নিজের সেরাটা দেওয়ার দিকেই এখন বেশি মনোযোগ দিচ্ছেন অভিজ্ঞ এই ভারতীয় পেসার।