ছবি: সংগৃহীত
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বশেষ ২০২৩ সালে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতা ইন্টার মায়ামির ফরোয়ার্ড এবারও মনোনয়ন পেয়েছেন। তবে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পাননি এবারের তালিকায়।
মেসির সঙ্গে তালিকায় রয়েছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন আলোচিত তারকা। তাদের মধ্যে লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, আর্লিং হলান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র অন্যতম।
৩০ জনের তালিকায় পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির একাধিক খেলোয়াড় জায়গা পেয়েছেন। ফলে এবারের ব্যালন ডি’অর নিয়ে প্রতিযোগিতা বেশ জমজমাট হওয়ার আভাস মিলছে।
দুই বছর পর মনোনয়ন তালিকায় ফিরলেও মেসির জন্য এবার পুরস্কার জেতা সহজ হবে না। তরুণ তারকা লামিনে ইয়ামাল, পিএসজির উসমান দেম্বেলে, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের মতো ফুটবলাররা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।
শেষ পর্যন্ত ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা জানা যাবে ব্যালন ডি’অর ঘোষণার রাতে।