লর্ডস টেস্টের পর পাকিস্তানের স্কোয়াডে এসেছে সাতটি পরিবর্তন। ফলে এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একাদশেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন করে দলে যোগ দেওয়া ক্রিকেটারদের মধ্য থেকে একাধিকজনের টেস্ট অভিষেক হতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো।
ব্যাটিং অর্ডারে আজান আওয়াইস, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম ও সৌদ শাকিলের খেলা প্রায় নিশ্চিত। লর্ডস টেস্টে আজানের সঙ্গে ওপেন করেছিলেন ইমাম-উল-হক। তবে চোটের কারণে দুই ইনিংসেই ব্যাটিং করতে পারেননি তিনি। তাঁর জায়গায় এজবাস্টনে আবদুল্লাহ ফজল অথবা সাইম আইয়ুবকে দেখা যেতে পারে।
ফজল চোটের কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। অন্যদিকে সাইম আইয়ুব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরাসরি পাকিস্তান দলে ফিরেছেন। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন প্রায় ১৮ মাস আগে।
উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান লর্ডস টেস্টের পর দল থেকে বাদ পড়েছেন। তাঁর জায়গায় গাজি ঘোরির টেস্ট অভিষেক হতে পারে। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া ঘোরি পাকিস্তানের হয়ে এ সংস্করণে চারটি ম্যাচ খেলেছেন, তবে এখনো টেস্টে মাঠে নামেননি।
বোলিং বিভাগেও দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। ২১ বছর বয়সী পেসার রাজাউল্লাহ প্রথমবারের মতো টেস্ট ক্যাপ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। স্পিনে সাজিদ খানকে খেলানোর সম্ভাবনা রয়েছে। তবে পাকিস্তান চাইলে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই পেসনির্ভর আক্রমণ সাজাতে পারে। সে ক্ষেত্রে সাইম আইয়ুবের অফ স্পিনও কাজে লাগতে পারে।
পেস আক্রমণে উবাইদ শাহকেও বিবেচনায় রাখা হয়েছে। প্রথম দুই টেস্টে সুযোগ না পাওয়া এই তরুণ পেসার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন। তাঁকে না খেলানোর বিষয়ে এর আগে নির্বাচক কমিটির প্রধান আকিভ জাভেদও সমালোচনা করেছিলেন। ফলে এজবাস্টনে উবাইদের অভিষেকের সম্ভাবনা রয়েছে।
মোহাম্মদ আব্বাসের একাদশে থাকা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ স্পিনার না খেলালে মোহাম্মদ আলীকেও পেস আক্রমণে রাখা হতে পারে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
আজান আওয়াইস, আবদুল্লাহ ফজল/ সাইম আইয়ুব, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), সৌদ শাকিল, গাজি ঘোরি (উইকেটকিপার), সাজিদ খান/মোহাম্মদ আলি, রাজাউল্লাহ, উবাইদ শাহ ও মোহাম্মদ আব্বাস।