ব্রেকিং

এশিয়া কাপ জিতলে নাকভির হাত থেকে ট্রফি নেবেন হারমানপ্রীত?

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৫০ PM BST ১৮ বার পঠিত
এশিয়া কাপ জিতলে নাকভির হাত থেকে ট্রফি নেবেন হারমানপ্রীত?

এশিয়া কাপের ট্রফি বিতরণ ঘিরে আবারও বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আলোচনায় রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। চলমান মেয়েদের এশিয়া কাপে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। বড় কোনো অঘটন না ঘটলে তাদেরই শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে ভারত চ্যাম্পিয়ন হলে অধিনায়ক হারমানপ্রীত কৌর নাকভির হাত থেকে ট্রফি নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন এসিসি সভাপতি মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

গত বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও ট্রফি বিতরণ নিয়ে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দলের খেলোয়াড়রা নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেননি। পরে ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে ভারতীয় দল।

এর পেছনে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনাকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল। পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। পরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন পুরোপুরি কাটেনি।

মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমন তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।

এবার মেয়েদের এশিয়া কাপেও যদি ভারত চ্যাম্পিয়ন হয়, তাহলে নাকভির হাত থেকেই ট্রফি তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হারমানপ্রীত কৌর তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে ভারত সরকার বা বিসিসিআই এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।

গত বছরের ঘটনার পর এশিয়া কাপের ট্রফিটি এখনো ভারতের হাতে পৌঁছায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রফিটি বর্তমানে দুবাইয়ে এসিসির কার্যালয়ে রয়েছে।

ফলে মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলে ট্রফি বিতরণের মুহূর্তটি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হারমানপ্রীত কৌর নাকভির কাছ থেকে ট্রফি নেবেন কি না, তা জানতে ফাইনালের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: