Photo Collected
এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে নেপাল। গ্রুপ ‘এ’-এর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আফগানিস্তানের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই পেরিয়ে যায় নেপাল।
টসে হেরে আগে বোলিংয়ে নামা নেপাল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। পাওয়ারপ্লের মধ্যেই আফগানিস্তানের টপ অর্ডারে ধস নামান নেপালের স্পিনার ললিত রাজবংশী। প্রথম তিনটি উইকেটই তুলে নেন তিনি। ফলে দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।
এরপর ফয়সাল শিনোজাদা ও নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানরা। দুজনের ব্যাট থেকে আসে ৩০ রান করে। তাঁদের গড়া ৩৯ রানের জুটি আফগানিস্তানকে বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করে।
এই জুটি ভাঙেন নেপালের লেগস্পিনার কুশাল। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ইনিংসের শেষ দিকে নাজিবুল্লাহ ও নাঙ্গেয়ালিয়া খারোতি ৩০ রানের জুটি গড়েন। তাতেই তিন অঙ্কের ঘরে পৌঁছায় আফগানিস্তানের সংগ্রহ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান করে তারা।
১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি নেপালের। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সপ্তম ওভারের মাঝামাঝি ৩১ রানেই ৩ উইকেট হারায় তারা।
সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন সন্দ্বীপ জোরা ও রোহিত পৌডেল। সন্দ্বীপ ৩৪ এবং রোহিত ৩৩ রান করেন। তাঁদের গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নেয় নেপাল।
শেষ পর্যন্ত ১৮তম ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা।
এশিয়ান গেমস ক্রিকেটের ‘বি’ গ্রুপে রয়েছে মালয়েশিয়া, হংকং ও ওমান। দুই গ্রুপ মিলিয়ে চারটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।