এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট, একনজরে যা জানা দরকার

Pinky Saha Pinky Saha ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM BST ২৭ বার পঠিত
এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট, একনজরে যা জানা দরকার

Photo Collected

মেয়েদের ক্রিকেটের পর এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে শুরু হচ্ছে ছেলেদের ক্রিকেট। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে আফগানিস্তান। এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবার ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে।

কোথায় ও কারা খেলবে

২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ক্রিকেটের এই আসর। অংশ নিচ্ছে ১০টি দল—আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান ও স্বাগতিক জাপান।

আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি জায়গা পেয়েছে। বাকি দলগুলোর মধ্যে হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমান এশিয়ান গেমস কোয়ালিফায়ার পেরিয়ে এসেছে। স্বাগতিক হিসেবে খেলছে জাপান।

কেমন হবে ফরম্যাট

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছয় দল দুটি গ্রুপে ভাগ হয়ে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম রাউন্ডে খেলবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৬টায় এবং বেলা ২টার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে।

বাংলাদেশের ম্যাচ কবে

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায়। ‘বি’ গ্রুপের হংকং, মালয়েশিয়া ও ওমানের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

এশিয়ান গেমসে ক্রিকেটের ইতিহাস

এশিয়ান গেমসে প্রথম ক্রিকেট অনুষ্ঠিত হয় ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২৩ সালেও ক্রিকেট ছিল এশিয়ান গেমসে।

২০২৩ সালের হাংঝু আসরে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয় ভারত। আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে সোনা দেওয়া হয়।

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে

এবারও নকআউট পর্বে বৃষ্টির কারণে কোনো ম্যাচের ফল না হলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

কোথায় হবে ম্যাচ

এশিয়ান গেমসের ক্রিকেটের ১৪টি ম্যাচই অনুষ্ঠিত হবে নাগোয়ার উপকণ্ঠের নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। নারী ক্রিকেটের ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলো হবে হাইব্রিড পিচে।

তবে ২৪ সেপ্টেম্বর থেকে ভেন্যু এলাকায় ঝড়ের পূর্বাভাস থাকায় আবহাওয়া ক্রিকেটের ম্যাচগুলোতে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: