ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ডিপিএলের নতুন মৌসুম

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ২:২০ PM BST ১৬ বার পঠিত
ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ডিপিএলের নতুন মৌসুম

ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৬-২৭ মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না করলেও বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৭ এপ্রিল পর্যন্ত।

সাধারণত মার্চ বা এপ্রিলের দিকে ডিপিএলের নতুন মৌসুম শুরু হয়। তবে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবেই এবার নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা এগিয়ে ডিপিএল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের জন্য ঢাকার পাঁচটি ভেন্যু নির্বাচন করা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়া কিংবা সূচি জটিলতার কারণে কোনো ভেন্যু ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প হিসেবে আরও একটি মাঠ প্রস্তুত রাখা হবে।

আসন্ন ডিপিএলকে কেন্দ্র করে ক্লাবগুলোর আর্থিক অনুদানও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন মৌসুমে প্রতিটি অংশগ্রহণকারী দলকে ২৫ লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে ক্লাবগুলো অংশগ্রহণ বাবদ ১৫ লাখ টাকা করে পেত। ফলে এবার অনুদানের পরিমাণ ১০ লাখ টাকা বাড়ছে।

ডিপিএল শুরুর আগে ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরের প্রতিযোগিতাগুলোও পর্যায়ক্রমে শেষ করার পরিকল্পনা রয়েছে। শিগগিরই দলগুলোর কোয়ালিফাইং বা বাছাইপর্বের ম্যাচ শুরু হবে। এরপর প্রথম বিভাগ ও প্রথম বিভাগ টি-টোয়েন্টি এবং দ্বিতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা হবে।

এসব টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে ডিপিএল। আর ডিপিএল শেষ হওয়ার পর মাঠে গড়াবে তৃতীয় বিভাগের প্রতিযোগিতা। ফলে নতুন সূচি অনুযায়ী ২০২৬-২৭ মৌসুমে দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের আসর ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: