ফেডের সুদ বাড়ানোর আশঙ্কায় কমেছে স্বর্ণের দাম

Pinky Saha Pinky Saha ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৬ PM BST ২৩ বার পঠিত
ফেডের সুদ বাড়ানোর আশঙ্কায় কমেছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি মাসে সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে ফেডের পরবর্তী মুদ্রানীতির গতিপথ সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্স।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমেছে। ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারের দামও দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৬ দশমিক ৯০ ডলারে। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি থাকায় বাজারে লেনদেনের পরিমাণ তুলনামূলক কম ছিল।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, শুক্রবার প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর বন্ডের সুদহার বেড়েছে। পাশাপাশি আগামী ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। এর প্রভাবে স্বর্ণ ও রুপার দাম কমেছে।

হ্যানসেন জানান, সোমবারের লেনদেনে স্বর্ণের দাম দুইবার প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নেমে গেলেও পরে ক্রেতাদের আগ্রহ দেখা যায়। বাজারে ৪ হাজার ৩২০ ডলারের কাছাকাছি দামকে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, দাম ৪ হাজার ৫০০ ডলারের ওপরে উঠলে বিক্রির চাপ তৈরি হতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এই সম্ভাবনা ছিল ৫০ শতাংশ।

এখন বাজারের নজর রয়েছে বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) এবং শুক্রবার প্রকাশিতব্য ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে। এসব তথ্য ফেডের ভবিষ্যৎ সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে সপ্তাহান্তে জাহাজ চলাচলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তেলের দাম বেড়েছে। একই সময়ে ইরান আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় এলাকায় একটি নতুন নিয়ন্ত্রিত অঞ্চল এবং হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি নৌপথের মানচিত্র ঘোষণা করার কথা জানিয়েছে। এতে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। এ কারণেই ফেডের সুদের হারসংক্রান্ত প্রত্যাশা স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও ফেডের সুদের হার কমানোর দাবি জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। তবে প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৮২৫ দশমিক ২১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৪০১ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: