ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর সিরিয়ার ওপর থেকে মার্কিন সামরিক বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ৩০ সেপ্টেম্বর মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের ডিফেন্স ট্রেড কন্ট্রোলস দপ্তর সিরিয়াকে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য বিধিমালা বা ITAR-এর নিষিদ্ধ গন্তব্যের তালিকা থেকে বাদ দেওয়ার নিয়ম প্রকাশ করেছে। নতুন নিয়মটি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
এর ফলে সিরিয়ার কাছে মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির প্রস্তাব আগের মতো স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে না। তবে কোনো অস্ত্র বিক্রি সরাসরি অনুমোদিত হয়েছে এমন নয়; সিরিয়ার পক্ষ থেকে আবেদন এলে তা মার্কিন আইন ও নীতিমালা অনুযায়ী পৃথকভাবে বিবেচনা করা হবে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দামেস্কের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক করার ধারাবাহিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সময়ে সিরিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে।
সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশটির নতুন সরকার। ২০২৪ সালে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে।
মার্কিন অস্ত্র রপ্তানি নীতির এই পরিবর্তন সিরিয়ার প্রতিরক্ষা খাতের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করলেও বাস্তবে কোনো অস্ত্র চুক্তি সম্পন্ন হতে হলে পৃথক অনুমোদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে সিদ্ধান্তটি মূলত সিরিয়ার সঙ্গে ভবিষ্যতে মার্কিন প্রতিরক্ষা বাণিজ্যের সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।