নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নরওয়েকে দিলেন হুঁশিয়ারি

Pinky Saha Pinky Saha ১০ অক্টোবর ২০২৬, ২:৫৫ PM BST ৪২ বার পঠিত
নোবেল শান্তি পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নরওয়েকে দিলেন হুঁশিয়ারি

সংগৃহীত ছবি

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তকে লজ্জাজনক ও বিব্রতকর আখ্যা দিয়ে তিনি বলেছেন, এতে নরওয়ের গায়ে ‘মুছে ফেলা যায় না এমন কলঙ্ক’ লেগে থাকবে। নিউইয়র্কের সিরাকিউজে এক নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করে নোবেল কমিটি। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে পিল্লাইকে ‘রহস্যময় ব্যক্তি’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তাঁর নাম তিনি কখনো শোনেননি, অন্যরাও নাকি শোনেননি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশা একাধিকবার প্রকাশ করেছেন ট্রাম্প। এবারও পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এমন সিদ্ধান্ত নরওয়ে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য লজ্জাজনক। এ প্রসঙ্গে ‘আমরা তা ভুলব না’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

সমাবেশে বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও উত্তর কোরিয়া এবং চীন ও তাইওয়ানের মধ্যে যুদ্ধ শুরু হওয়া ঠেকাতে তিনি সহায়তা করেছেন। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

নোবেল শান্তি পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তাঁর অভিযোগ, গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু বলে বিবেচিত কয়েকজন উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে ট্রাম্পের ধারাবাহিক অসন্তোষ এবং নরওয়েকে উদ্দেশ করে তাঁর সর্বশেষ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: