ফ্লেমিংয়ের জায়গায় চেন্নাইয়ের কোচ জহির খান

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৮ PM BST ৩০ বার পঠিত
ফ্লেমিংয়ের জায়গায় চেন্নাইয়ের কোচ জহির খান

ছবি: সংগৃহীত

আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক তারকা পেসার জহির খান। ২০২৭ মৌসুম সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দীর্ঘ ১৮ বছর চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালনের পর স্টিফেন ফ্লেমিং সরে দাঁড়ানোয় তার জায়গায় আসছেন জহির। খেলোয়াড়ি জীবনে ১৪ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন সাবেক এই বাঁহাতি পেসার।

চেন্নাইয়ের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচ হচ্ছেন জহির। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট পরিচালক ও গ্লোবাল হেড অব ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে লখনউয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।

চেন্নাইয়ের কোচ হওয়ার পর জহির বলেন, আইপিএলের অন্যতম সফল দলের অংশ হতে পারা তার জন্য সম্মানের। ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে খেলার স্মৃতিও তুলে ধরে তিনি জানান, চিপকে সমর্থকদের তৈরি পরিবেশ সবসময়ই দলটিকে বিশেষ করে তুলেছে।

আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির। ১০০ ম্যাচে তার শিকার ১০২ উইকেট। ২০১০ ও ২০১১ সালে আইপিএলের ফাইনালেও খেলেছেন তিনি, দুবারই প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: