‘গণহত্যার বিরুদ্ধে খেলছি’, আইরিশ কোচকে ইসরায়েলি ফুটবল সংস্থার কড়া জবাব

Pinky Saha Pinky Saha ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ PM BST ২২ বার পঠিত
‘গণহত্যার বিরুদ্ধে খেলছি’, আইরিশ কোচকে ইসরায়েলি ফুটবল সংস্থার কড়া জবাব

আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন।ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যে। আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)।

স্কোয়াড ঘোষণার সময় খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখা নিয়ে প্রশ্নের জবাবে হালগ্রিমসন বলেছিলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, তাদের সঙ্গী হয়ে নয়।’ তিনি আরও জানান, ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং কেউই বিষয়টি নিয়ে স্বস্তিতে নেই।

এর জবাবে আইএফএ হালগ্রিমসনের বক্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা হালগ্রিমসনের এমন মন্তব্যের সঙ্গে একমত নয় এবং ইসরায়েলের অবদান ও অর্জনের কথাও তুলে ধরে।

এদিকে ম্যাচ দুটি বর্জনের দাবিতে আয়ারল্যান্ডেও চাপ বাড়ছে। ‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামে একটি গোষ্ঠীর খোলাচিঠিতে ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদ সই করেছেন। তারা আয়ারল্যান্ডকে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান জানিয়েছেন। এর আগে ম্যাচ বর্জনের দাবিতে আয়ারল্যান্ডে বিভিন্ন প্রতিবাদও হয়েছে।

তবে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) ম্যাচ দুটি খেলার সিদ্ধান্তেই রয়েছে। গত জুলাইয়ের সাধারণ সভায় ১১৪ ভোটারের মধ্যে ৭৫ জন ম্যাচ খেলার পক্ষে, ৩২ জন বিপক্ষে ভোট দেন এবং ৩ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন বলে জানানো হয়েছে।

উয়েফার সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেসেনে ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায় হওয়ার কথা। নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়েছে।

এফএআই আগে জানিয়েছিল, ম্যাচ বর্জন করলে আইরিশ ফুটবলের বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতি হতে পারে। অন্যদিকে আয়ারল্যান্ডের কোচ হালগ্রিমসন জানিয়েছেন, তিনি খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত শুনেছেন এবং ম্যাচগুলো নিয়ে তাদের অস্বস্তির বিষয়টি তিনি জানেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে দুই দলের ম্যাচ নিয়ে বিতর্কটি এখন মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে উয়েফার প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণ নিয়েও আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। গত সপ্তাহেই ভবিষ্যৎ প্রতিযোগিতার ড্রয়ে ইসরায়েলের সঙ্গে আয়ারল্যান্ডকে আলাদা রাখার অনুরোধের বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: