দলকে জেতাতে পারলেন না হাসান
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে হার থেকে বাঁচাতে পারলেন না বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে ডার্বিশায়ারের বিপক্ষে কেন্ট হেরেছে ১৮১ রানে। ম্যাচে হাসান নিয়েছেন ৭ উইকেট। তবে ব্যাটিংয়ে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে না পারায় ড্রয়ের সুযোগও হাতছাড়া হয়েছে কেন্টের।
ডার্বিতে জিততে কেন্টের সামনে ছিল ৪৩৪ রানের লক্ষ্য। মাত্র ৩৮ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে দলটি বড় বিপদে পড়ে। এরপর ম্যাচ বাঁচাতে ড্রয়ের লক্ষ্যেই খেলতে থাকে তারা। দিনের খেলা শেষ হওয়ার ২২ ওভার আগে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামেন হাসান মাহমুদ।
বার্টি ফোরম্যানের সঙ্গে ১০৫ বলে ৩৩ রানের জুটি গড়ে কেন্টকে ড্রয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন হাসান। দলীয় ২৫১ রানে দিনের ২৭ বল বাকি থাকতে ফোরম্যান এলবিডব্লিউ হয়ে ফিরলে উইকেটে আসেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দুজন দিনের বাকি সময়টা পার করে দিতে পারলে কেন্টের জন্য সেটি গুরুত্বপূর্ণ ফল হতে পারত।
তবে দিনের খেলা শেষ হওয়ার ১৫ বল আগে ব্রেট রানডেলের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন হাসান। তাঁর ব্যাট থেকে আসে ৪৮ বলে ৯ রানের লড়াকু ইনিংস। এরপর কেন্টের ইনিংস আর বেশিক্ষণ স্থায়ী হয়নি।
এই ম্যাচে হাসানের পারফরম্যান্স অবশ্য ছিল নজরকাড়া। বল হাতে ৭ উইকেট নিয়ে নিজের দায়িত্বটা আগেই দারুণভাবে পালন করেছিলেন তিনি। ব্যাটিংয়ে ৪৮ বল খেলে প্রতিরোধ গড়ার চেষ্টাটাও কেন্টের জন্য ছিল বাড়তি পাওয়া।
ডার্বিশায়ারের বিপক্ষে ড্র করতে পারলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে যেত কেন্ট। দুই ম্যাচ হাতে রেখে ১৭৩ পয়েন্ট নিয়ে দলটি এখন তৃতীয়। শীর্ষে ডারহাম ২৩০ পয়েন্ট নিয়ে, আর দ্বিতীয় স্থানে নর্থহ্যাম্পটনশায়ারের সংগ্রহ ১৭৫। কাউন্টি ডিভিশন ওয়ানে উঠবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল।
চলতি মৌসুমে এটি কেন্টের দ্বিতীয় হার। চার ম্যাচে কেন্টের হয়ে হাসানের উইকেটসংখ্যা এখন ২৬। আর অভিষেক ম্যাচে খালেদ আহমেদ পেয়েছেন ৩ উইকেট, সবগুলোই প্রথম ইনিংসে। কেন্টের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে।