ইতিহাসের সিংহাসনে রিবাকিনা, ইউএস ওপেন জয়ের পথে আর এক ধাপ

Pinky Saha Pinky Saha ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ AM BST ১৯ বার পঠিত
ইতিহাসের সিংহাসনে রিবাকিনা, ইউএস ওপেন জয়ের পথে আর এক ধাপ

ইউএস ওপেনের এ পথ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন রিবাকিনা।

শৈশবে পেশাদার টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্নও দেখেননি ইয়েলেনা রিবাকিনা। বন্ধুদের সঙ্গে টেনিস খেলতে খেলতেই একসময় বুঝেছিলেন, এই খেলায় তাঁর সম্ভাবনা আছে। পেশাদার হওয়ার চিন্তা আসে ১৭ বছর বয়সে। এরপর ধীরে ধীরে টেনিসের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ায় জন্ম নেওয়া এই খেলোয়াড়। জিতেছেন দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। তবে এতদিন অধরা ছিল ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

অবশেষে সেই অপেক্ষারও অবসান ঘটেছে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েনকে ৩–৬, ৬–১, ৬–৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন রিবাকিনা। ২ ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ে পাওয়া এই জয় তাঁকে শুধু শেষ চারে নেয়নি, কাজাখস্তানের টেনিস ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

আগামী সপ্তাহে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে সরে যাবেন আরিনা সাবালেঙ্কা। টানা ৯৯ সপ্তাহ শীর্ষে থাকার পর নতুন কাউকে জায়গা করে দিতে হবে তাঁকে। আর সেই নতুন নামটি হতে যাচ্ছে রিবাকিনা। কাজাখস্তানের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের এককে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠবেন তিনি।

তবে এত বড় অর্জনের পরও রিবাকিনার চোখ এখন র‍্যাঙ্কিংয়ে নয়, ইউএস ওপেনের শিরোপায়। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে একবার করে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে তাঁর সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। আর ইউএস ওপেনে এবারই প্রথম সেমিফাইনালে উঠেছেন। ফলে নিউইয়র্কে ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেন শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারেন ২৭ বছর বয়সী এই তারকা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠাকে আপাতত শুধু একটি সংখ্যা হিসেবে দেখছেন রিবাকিনা। তাঁর মতে, যে টুর্নামেন্টেই খেলুন না কেন, মূল লক্ষ্য থাকে শিরোপা জয়। ক্যারিয়ার শেষে পেছনে ফিরে তাকালে বিশ্বসেরা হওয়ার অর্জনের মূল্য আরও বেশি উপলব্ধি করবেন বলেও মনে করেন তিনি। কিন্তু আপাতত তাঁর সব মনোযোগ পরের ম্যাচে।

সেই পরের ম্যাচে রিবাকিনার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাই কোকো গফ। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার মিরা আন্দ্রিভার বিপক্ষে প্রথম সেটে ২–৬ গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন গফ। দ্বিতীয় সেটেও কঠিন লড়াইয়ের মুখে পড়েন তিনি। দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ৭–৬ (৯–৭) টাইব্রেকারে সেটটি জিতে ম্যাচ নির্ণায়ক সেটে নিয়ে যান। তৃতীয় সেটে ৬–২ গেমে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন মার্কিন তারকা।

রিবাকিনার এবারের ইউএস ওপেন অভিযান এখন পর্যন্ত দারুণ। কোয়ার্টার ফাইনালেই কেবল একটি সেট হারিয়েছেন তিনি। ঝেংকে হারানোর পর তাঁর সামনে এখন গফ। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা ও জেসিকা পেগুলা।

এবারের ইউএস ওপেন আরও একটি কারণে ঐতিহাসিক। ২০০৯ সালে উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামে নারী এককের শীর্ষ চার বাছাই সেমিফাইনালে উঠেছেন। নিউইয়র্কে শীর্ষ বাছাই সাবালেঙ্কা, দ্বিতীয় বাছাই রিবাকিনা, তৃতীয় বাছাই পেগুলা ও চতুর্থ বাছাই গফ—এই চারজনই শেষ চারে জায়গা করে নিয়েছেন।

রিবাকিনার জন্য এই টুর্নামেন্টে সাফল্যের পথটা আরও বিশেষ। গত বছর ইউএস ওপেনের সময় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। চোট, শারীরিক অসুস্থতা ও পারফরম্যান্সের ঘাটতিতে কঠিন সময় পার করতে হয়েছিল তাঁকে। কিন্তু চলতি মৌসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন।

এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার পাশাপাশি স্টুটগার্টেও শিরোপা জিতেছেন রিবাকিনা। ইন্ডিয়ান ওয়েলস ও টরন্টোয় হয়েছেন রানার্সআপ। অন্যদিকে সাম্প্রতিক সময়ে সাবালেঙ্কার পথচলা কিছুটা কঠিন হওয়ায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সমীকরণটাও রিবাকিনার পক্ষে চলে আসে।

তবে ইউএস ওপেন শুরুর আগে নতুন করে দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি। টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগা শিওনতেকের বিপক্ষে চোট পেয়ে কোর্ট ছাড়তে হয়েছিল তাঁকে। এরপর সাত দিন অনুশীলন করতে পারেননি। চোটের পর শরীর কীভাবে সাড়া দেবে, সেটিও ছিল অনিশ্চিত।

কিন্তু নিউইয়র্কে কোর্টে ফিরে সব অনিশ্চয়তার জবাব দিয়েছেন র‍্যাকেট হাতে। এখন তাঁর সামনে দুটি বড় লক্ষ্য—প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জয় এবং কাজাখস্তানের হয়ে বিশ্ব টেনিসের শীর্ষ সিংহাসনে বসা।

কাজাখস্তানে রিবাকিনার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। দেশটিতে এখন অনেক শিশু টেনিস খেলছে এবং তাঁকে অনুসরণ করছে। টেনিসে কাজাখস্তানের উত্থানে নিজের অবদান নিয়ে বলতে গিয়ে রিবাকিনা সাফল্যের সহজ কিন্তু গুরুত্বপূর্ণ দুটি চাবিকাঠির কথা বলেছেন—নিজের ওপর বিশ্বাস এবং কঠোর পরিশ্রম।

সেই বিশ্বাস আর পরিশ্রমের ফলই এখন তাঁর সামনে ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে, এখন অপেক্ষা ইউএস ওপেনের ট্রফির। রিবাকিনা কি পারবেন নিউইয়র্কে সেই অপূর্ণতাও পূরণ করতে?

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: