ইউএস ওপেন ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা, শীর্ষে উঠছেন রিবাকিনা

Pinky Saha Pinky Saha ১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ PM BST ৩ বার পঠিত
ইউএস ওপেন ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা, শীর্ষে উঠছেন রিবাকিনা

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে নারী এককের অল-আমেরিকান ফাইনালের সম্ভাবনা শেষ করে দিয়েছেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। ইউএস ওপেনের সেমিফাইনালে জেসিকা পেগুলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন বেলারুশের সাবালেঙ্কা। অন্যদিকে প্রথম সেটে কোকো গফের কাছে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা।

শুক্রবার ভোরে আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারান সাবালেঙ্কা। ইউএস ওপেনে পেগুলার বিপক্ষে এটি তার টানা তৃতীয় জয়। এর আগে ২০২৪ ও ২০২৫ সালের ইউএস ওপেনেও পেগুলাকে হারিয়ে শিরোপার পথে এগিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন / ADVERTISEMENT রবি আজিয়াটা লিমিটেড

পেগুলার বিপক্ষে প্রথম সেটে শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন সাবালেঙ্কা। তবে গুরুত্বপূর্ণ সময়ে মনোযোগ ধরে রেখে ঘুরে দাঁড়ান তিনি। ৬-৫ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর পেগুলার সার্ভিস গেমে ০-৪০ পয়েন্টে পৌঁছে যান সাবালেঙ্কা। পেগুলা একটি সেট পয়েন্ট বাঁচালেও পরেরটি ঠেকাতে পারেননি।

দ্বিতীয় সেটে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সাবালেঙ্কা। পেগুলার দুর্বল দ্বিতীয় সার্ভ কাজে লাগিয়ে সার্ভিস ব্রেক করেন এবং ৩-১ ব্যবধানে এগিয়ে যান। এরপর শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোক ও ফোরহ্যান্ডে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজেই জয় নিশ্চিত করেন তিনি।

জয়ের পর সাবালেঙ্কা জানান, ফাইনালে উঠতে তিনি মরিয়া ছিলেন এবং পুরো শিরোপাই জিততে চান। অন্যদিকে পেগুলা স্বীকার করেন, প্রতিপক্ষের খেলার মান এতটাই উঁচু ছিল যে ম্যাচে তার করার মতো খুব বেশি কিছু ছিল না।

অন্য সেমিফাইনালে ২০২৩ সালের চ্যাম্পিয়ন কোকো গফের বিপক্ষে প্রথম সেটে দারুণ শুরু করেন রিবাকিনা। গফ ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়ে সেটটি নিজের করে নেন। তবে দ্বিতীয় সেটে ম্যাচের চিত্র পাল্টে দেন রিবাকিনা। দ্রুত ৪-১ ব্যবধানে এগিয়ে গেলেও গফ লড়াইয়ে ফিরে ৪-৪ সমতা আনেন।

তবে দশম গেমে ডাবল-ফল্ট করে রিবাকিনাকে দুটি সেট পয়েন্টের সুযোগ দেন গফ। সুযোগ কাজে লাগিয়ে সেট জিতে ম্যাচ তৃতীয় সেটে নিয়ে যান রিবাকিনা। শেষ সেটেও দারুণ ছন্দ ধরে রেখে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি।

গফ আবার সার্ভিস ব্রেক করে ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু পরের গেমেই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান রিবাকিনা। একটি নিখুঁত ভলিতে দুটি ম্যাচ পয়েন্টের সুযোগ তৈরি করেন তিনি। শেষ পয়েন্টে গফের সহজ স্ম্যাশ কোর্টের বাইরে চলে গেলে রিবাকিনার জয় নিশ্চিত হয়।

জয়ের পর রিবাকিনা জানান, গফের সার্ভিস গেমে কিছুটা ভাগ্যও তার পক্ষে ছিল। গভীর রিটার্ন এবং প্রতিপক্ষের একটি ভুল কাজে লাগিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। একই সঙ্গে এটিকে কঠিন লড়াই হিসেবেও উল্লেখ করেন কাজাখস্তানের এই টেনিস তারকা।

ফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও রিবাকিনা। সাবালেঙ্কা টানা তৃতীয় ইউএস ওপেন শিরোপার অপেক্ষায় রয়েছেন। এর আগে ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামস টানা তিনবার ইউএস ওপেন জেতার কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে সেমিফাইনালে জয়ের মধ্যেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেছেন রিবাকিনা।

বিজ্ঞাপন / ADVERTISEMENT মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
শেয়ার করুন: