Photo Collected
ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকা ব্যাটারের অভাব নেই। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ক্যারিয়ারে ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিলেন চেতেশ্বর পূজারা। টেস্ট ক্রিকেটে পূজারার দীর্ঘ সময় উইকেটে টিকে থাকার ক্ষমতা ও ধৈর্যের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
সম্প্রতি প্রাইম ভিডিও স্পোর্টসে প্রকাশিত এক ভিডিওতে কামিন্স তাঁর ক্যারিয়ারে বিভিন্ন দেশের মুখোমুখি হওয়া কঠিনতম প্রতিপক্ষদের নাম জানান। সেখানে ভারতের প্রসঙ্গ উঠতেই কোনো দ্বিধা ছাড়াই পূজারার নাম উল্লেখ করেন তিনি।
কামিন্স বলেন, ভারতের বিপক্ষে খেলতে গিয়ে পূজারাকে আউট করা সত্যিই কঠিন ছিল। তাঁর মতে, পূজারা দীর্ঘ সময় ধরে বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতেন এবং প্রয়োজন হলে টানা অনেক ডট বল খেলতেও প্রস্তুত থাকতেন। ফলে তাঁকে দ্রুত আউট করার সুযোগ পাওয়া কঠিন ছিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া পূজারা ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন। ৪৩.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ১৯৫ রান। ক্যারিয়ারে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে পূজারার দীর্ঘস্থায়ী ব্যাটিংয়ের একাধিক নজির রয়েছে। কামিন্সসহ অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিপক্ষে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর রক্ষণাত্মক ব্যাটিং ও উইকেটে দীর্ঘ সময় কাটানোর সক্ষমতাই প্রতিপক্ষ বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠত।
কামিন্সের পছন্দের তালিকায় শুধু অবসর নেওয়া ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে নিজের দেখা কঠিনতম বোলার হিসেবে সাবেক স্পিনার সাঈদ আজমালের নাম উল্লেখ করেছেন তিনি।
এ ছাড়া ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকেও নিজের ক্যারিয়ারের কঠিনতম প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন কামিন্স।