ক্রিকেটারদের বেতন কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, স্থগিত ঘরোয়া টুর্নামেন্ট

Pinky Saha Pinky Saha ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM BST ২৭ বার পঠিত
ক্রিকেটারদের বেতন কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, স্থগিত ঘরোয়া টুর্নামেন্ট

Photo Collected

বাণিজ্যিকভাবে ক্রিকেট যতই এগোচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ছে। তবে এর বিপরীত পথে হাঁটছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দীর্ঘদিনের আর্থিক সংকট সামাল দিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সিডব্লুআই জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বার্ষিক মূল বেতন বা রিটেইনার ফি ২৫ শতাংশ কমানো হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে আগের মতোই ১২ মাসের চুক্তি থাকবে। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমিয়ে সাত মাস করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির বদলে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দিকে ঝুঁকেছেন। বেতন কমানোর সিদ্ধান্তের ফলে সেই প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

‘আদর্শ কোনো পদক্ষেপ নয়’

সিডব্লুআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হয়েছে।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং পরিস্থিতি সম্পর্কে অবগত খেলোয়াড়দের সহযোগিতার মানসিকতাকে তারা স্বাগত জানাচ্ছেন। তাঁর ভাষায়, এটি আদর্শ কোনো পদক্ষেপ নয়; তবে আর্থিক স্থিতিশীলতার পথে এগোতে এ সিদ্ধান্ত প্রয়োজন।

স্থগিত সুপার৫০ ও টি-টোয়েন্টি ব্লেজ

শুধু ক্রিকেটারদের বেতন কমানোই নয়, পরিচালন ব্যয় কমাতে ঘরোয়া ক্রিকেটের কাঠামোতেও পরিবর্তন আনছে সিডব্লুআই।

এ বছর ছেলেদের ৫০ ওভারের সুপার৫০ এবং মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। বয়সভিত্তিক, উন্নয়নমূলক ও সিনিয়র পর্যায়ের পুরুষ ও নারী ক্রিকেটের বেতন, ম্যাচ ফি, বিমানভাড়া, হোটেল ও আয়োজনের পুরো খরচ দীর্ঘদিন ধরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বহন করে আসছিল। বোর্ডের মতে, এই ব্যবস্থা এখন আর আর্থিকভাবে টেকসই নয়।

সিডব্লুআইয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, গত ১৫ বছরে শুধু বিমানভাড়া বাবদই প্রায় ৮ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। কিন্তু সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃষ্ঠপোষকতা তারা পায়নি।

আইসিসির ঋণেও ব্যয়ের শর্ত

সিডব্লুআইয়ের আর্থিক সংকটের পেছনে দীর্ঘদিনের নগদ অর্থপ্রবাহের সমস্যা রয়েছে। এর মধ্যে আইসিসির কাছ থেকে নেওয়া ঋণের শর্তও বোর্ডের ব্যয় কমানোর সিদ্ধান্তে ভূমিকা রাখছে।

চলতি বছরের জুলাইয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে মোট ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইসিসি। আগামী এক বছরে তিন ধাপে ওই অর্থ পাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের নগদ অর্থপ্রবাহের সংকট সাময়িকভাবে মোকাবিলায় এই ঋণ দেওয়া হলেও এর সঙ্গে নির্দিষ্ট কিছু ব্যয় কমানোর শর্ত রয়েছে।

ওয়ানডে ক্রিকেটে নতুন চ্যালেঞ্জ

সুপার৫০ টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের ওয়ানডে দল গঠন ও প্রস্তুতির ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করতে পারেনি ক্যারিবীয় দল।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা পাওয়ার পথ কঠিন হওয়ায় তাদের বাছাইপর্বে অংশ নিতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে সেই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ঘরোয়া ৫০ ওভারের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বিজ্ঞাপন / ADVERTISEMENT Youth Soft-Tech International Ltd.
শেয়ার করুন: